পরীক্ষা পেছানোর দাবিতে ভাঙচুর, উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কিছু শিক্ষার্থী গত শুক্রবার রাতে ক্যাম্পাসে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা বিদ্যুতের সুইচ বন্ধ করে দিলে পুরো ক্যাম্পাস অন্ধকারে নিমজ্জিত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে ঈদুল ফিতরের ছুটির পর আজ রোববার খুলছে কুয়েট। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।কুয়েটের উপাচার্য মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা তাঁর কাছে পরীক্ষা পেছানোর দাবি জানান। বৃহত্তর স্বার্থে পরীক্ষা না পেছানোর বিষয়টি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় এবং তাঁদের যথাসময়ে পরীক্ষা দিতে বলা হয়। তার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শনিবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ডিন, অধ্যাপক, পরিচালক ও প্রভোস্টদের নিয়ে এক সভা করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং সেশনজটমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম টার্মের পরীক্ষা অনুষ্ঠিত হবে।উপাচার্য বলেন, অনির্ধারিত বন্ধের কারণে এমনিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম দুই মাস পিছিয়ে আছে। পরীক্ষা পেছানোর এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে শিক্ষার্থীরা সময়মতো তাঁদের শিক্ষাজীবন শেষ করতে পারবেন না। এতে নষ্ট হবে বিশ্ববিদ্যালয়ের সুনাম।শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম টার্মের পরীক্ষা। কিন্তু রমজান মাসে তাঁরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারেননি। তাই পরীক্ষা পেছানোর দাবিতে শুক্রবার সকালে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবির বিষয়ে গুরুত্ব দেয়নি। এ পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর ছাত্ররা একত্র হয়ে পরীক্ষা পেছানোর দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ সময় উপাচার্য বাসায় ছিলেন না। পরে শিক্ষার্থীরা পুরকৌশল বিভাগের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা জানতে পারেন, উপাচার্য পুরকৌশল বিভাগে আছেন।উপাচার্য রাত সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। রাত ১০টার দিকে তিনি পরীক্ষা না পেছানোর কথা জানিয়ে দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। উপাচার্যকে ভেতরে রেখে তাঁরা পুরকৌশল বিভাগের দরজায় তালা ঝুলিয়ে দেন। এ সময় সেখানে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও কয়েকজন কর্মকর্তা ছিলেন।উপাচার্যকে অবরুদ্ধ করার পর পুরকৌশল বিভাগ, প্রশাসনিক ভবন, একটি গাড়ি ও বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালানো হয়। তাঁরা বিদ্যুতের সুইচ বন্ধ করে দিলে অন্ধকারে নিমজ্জিত হয় বিভিন্ন হলসহ পুরো ক্যাম্পাস। খবর পেয়ে রাত ১১টার দিকে ক্যাম্পাসে পুলিশ এলে শিক্ষার্থীরা শান্ত হন এবং পুরকৌশল বিভাগের তালা খুলে দেওয়া হয়।