টানা দুই দিনের পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) মূল প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আইএমওতে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা রকম আনন্দ আয়োজন। দ্বিতীয় দিনের পরীক্ষা ভালো দিয়েছে বাংলাদেশ গণিত দলের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের জন্য আনন্দভ্রমণ, খেলাধুলাসহ নানা রকম আয়োজন গতকাল বিকেল থেকেই শুরু হয়েছে। ৯৮টি দেশের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছে। তারা পরিচিত হচ্ছে আমাদের শৈশবের আতঙ্কের চরিত্র ‘কুবলাই খান’-এর দেশ কাজাখস্তানের সঙ্গে।কাজাখস্তান আয়তনে বাংলাদেশের চেয়ে ২৫ গুণ বড়। কিন্তু জনসংখ্যা ১০ ভাগের এক ভাগ। ১৯৯১ সালে স্বাধীন হওয়ার আগে সোভিয়েত শাসনের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রেমলিন থেকে আসত। আর বড় বড় কল-কারখানা, তেলকূপ ব্যবস্থাপনায় থাকত রাশিয়ানরা। ফলে স্বাধীনতার পর ব্যবস্থাপনায় বিশাল শূন্যতা তৈরি হয়েছে। যে কারণে কাজাখরা এখন মার্কিন ও ভারতীয়দের নিয়ে এসেছে দেশ চালানোর জন্য।বাংলাদেশের মানুষ এখনো এ দেশে তেমন আসেনি। গত কয়েক দিনে আমরা একটি মাত্র বাঙালি পরিবার পেয়েছি কাজাখস্তানে। বেলদারুনের চমৎকার পরিবেশে শিক্ষার্থীদের রেখে আমরা গতকাল রওনা হয়েছি রাজধানী আস্তানার উদ্দেশে। আস্তানায় যোগ দিতে হবে দলনেতাদের সঙ্গে।আমি আর দলনেতা মাহবুব মজুমদার বাংলাদেশের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করব। একই সঙ্গে তাদের খাতা দেখবেন কেন্দ্রীয় মূল্যায়নকারীরা। সমন্বয়ের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে তিন দিনের মধ্যে। এই ফাঁকে শিক্ষার্থীরা মেতে থাকবে একটি নতুন দেশকে জানা আর শত দেশের নতুন বন্ধুদের নিয়ে।