পরীক্ষা শেষ, শুরু হলো আনন্দ পর্ব
দ্বিতীয় দিনের তিনটি সমস্যা সমাধানের প্রচেষ্টার মাধ্যমে এবারের আইএমওর মূল পর্ব সমাপ্ত হয়েছে। দুই দিনে ছয়টি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করার পর, গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের আনন্দ উদ্যাপন পর্ব। দ্বিতীয় দিনে কম্বিনেটরিক্স, নম্বর তত্ত্ব ও জ্যামিতির তিনটি সমস্যার সমাধান করতে দেওয়া হয়। তবে সবচেয়ে কঠিন হিসেবে পরিচিত ৬ নম্বর সমস্যাতে জ্যামিতি দেওয়ায় আমাদের শিক্ষার্থীদের খুবই অসুবিধা হয়েছে। দলের সদস্য ধনঞ্জয় বিশ্বাস নিজের পরীক্ষাতে খুশি। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সব উত্তেজনা ও দুশ্চিন্তার অবসান হয়েছে। আগামী তিন দিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা শুরু হয়েছে মঙ্গলবার বিকেল থেকে। বাংলাদেশের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে সিনেমা হলে গিয়ে হ্যারি পটার সিরিজের নতুন সিনেমা দেখল। তিন দিনের বৃষ্টির পর মঙ্গলবার আবহাওয়া ছিল চমৎকার। রাতে শিক্ষার্থীরা স্ট্রিং থিউরির বক্তৃতা শুনতে যায় এবং রাতে খেলাধুলা করে সময় কাটায়।অন্যদিকে অজ্ঞাতবাস থেকে দলনেতারা আমস্টারডামের নভোটেল হোটেলে এসে পৌঁছেছেন। পাশের হলিডে ইন হোটেল আজ বুধবার থেকে উত্তরপত্র মূল্যায়ন ও সমন্বয়ের কাজ শুরু হবে। আইএমওর নিয়মানুসারে প্রতিটি উত্তরপত্র ফটোকপি করা হয়। নিজ নিজ দেশের দলনেতা ও উপদলনেতা তাঁদের শিক্ষার্থীদের উত্তরপত্রের মূল কপি মূল্যায়ন করেন। অন্যদিকে, স্বাগতিক দেশের একদল মূল্যায়নকারী ফটোকপি উত্তরপত্র মূল্যায়ন করেন। এর পর দুই পক্ষের আনুষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর চূড়ান্ত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে সমন্বয়ের পালা শেষ হতে পারে। শুক্রবার সকালে শেষ বিচারক-সভায় ফলাফল চূড়ান্ত হবে।বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার এ কয়দিন খুবই সক্রিয় ভূমিকা পালন করলেন।বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।