সরকারের জনপ্রিয়তা আছে কি নেই, তা প্রমাণে কাপাসিয়ার উপনির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘কাপাসিয়া উপনির্বাচনে আসুন। একটা পরীক্ষা (টেস্ট) হয়ে যাক—জামানত আমাদের থাকে, না আপনাদের থাকে।’হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দূর্গাদাস ভট্টাচার্য, প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ সংগঠনের নেতারা। খবর বাসসের।হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী বলেই অন্তর্বর্তীকালীন সরকারে বিরোধী দলের থাকার প্রস্তাব দিয়েছেন। অথচ এখানেও বিএনপির আপত্তি। এর চেয়ে ভালো প্রস্তাব আর কী হতে পারে?’ হানিফ জানতে চান, ‘শেখ হাসিনা যেহেতু এই প্রস্তাব দিয়েছেন, সে কারণেই কি বিএনপি বিরোধিতা করছে?’ তিনি বলেন, ‘আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না।’নির্বাচন দিলে প্রধানমন্ত্রীর জামানত বাজেয়াপ্ত হবে—মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘এমন কী করেছেন যে আপনারা এত জনপ্রিয় হয়ে গেলেন? জনগণ সব ভোট আপনাদের দিয়ে দেবে, এটা কীভাবে ভাবলেন? জনগণ কি আপনাদের আমলের সন্ত্রাস, দুর্নীতির কথা ভুলে গেছে?’বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে হানিফ আরও বলেন, ‘যে দলের প্রধান নেতা এবং তাঁর দুই সন্তানের বিরুদ্ধে দেশে-বিদেশে মামলা হয়, তাঁরা কীভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন!’বিএনপির নেতা মওদুদ আহমদকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন। আপনার নেত্রী আগে বলেছেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন আপনি রূপরেখায় কোন পাগল আমদানি করবেন তা নেত্রীর সঙ্গে আলাপ করে নিন।’ তিনি বলেন, ‘জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। পাগল আর শিশুর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না।’হানিফ বলেন, বঙ্গবন্ধু তাঁর শ্রম-মেধা দিয়ে বাঙালি জাতির জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। একাত্তরের পরাজিত শক্তি, যারা বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।দূর্গাদাস ভট্টাচার্য বলেন, বিদেশে বাংলাদেশের চেয়েও বেশি পরিচিত বঙ্গবন্ধু। বিশ্বে তাঁর মতো এমন একজন নেতা খুঁজে পাওয়া যাবে না, যাঁর নির্দেশে পুরো দেশ পরিচালিত হতো এবং যাঁর অঙ্গুলি হেলনে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে।নূহ-উল আলম লেনিন বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে শুধু কয়েকজন বিভ্রান্ত মেজর বা সৈনিক জড়িত ছিলেন না, দেশি-বিদেশি শক্তিরও মদদ ছিল। তিনি বলেন, সিআইএ ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তা একদিন প্রকাশ পাবে।