পরীক্ষা ২৩ নভেম্বর পরীক্ষার্থী ২৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ২৩ নভেম্বর। একই দিন ইবতেদায়ি স্তরের শিক্ষা সমাপনী পরীক্ষাও শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।এ বছর ২১ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে তিন লাখ ৪০ হাজার শিক্ষার্থী।গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা সমাপনী পরীক্ষাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ সভায় সভাপতিত্ব করেন।সভায় প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সমাপনী পরীক্ষার ফল ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ, ফল প্রকাশের সাত দিনের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে নম্বরপত্র বিতরণ এবং ২০১১ সালের জানুয়ারির মধ্যে সনদপত্র বিতরণের সিদ্ধান্ত হয়। নম্বরপত্র পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত কমিটি উত্তরপত্র পুনর্নিরীক্ষার কাজ করবে।এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।এবার পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো সংবাদমাধ্যমে প্রচার করা হবে। পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি রাখা এবং তাদের তথ্য এন্ট্রি ও ফলাফল প্রণয়নে নতুন সফটওয়্যার ব্যবহার করা হবে। উপজেলা কিংবা থানা পর্যায়ে নির্ধারিত সম্মেলনকক্ষ অথবা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীয়ভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গত বছর প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়। ইবতেদায়ির শিক্ষার্থীদের এবার প্রথম শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে।