পরীক্ষাজটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষাজটের কবলে পড়তে যাচ্ছে ২০১১ সাল। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এসএসসি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে নেওয়া হলে বছরজুড়ে সৃষ্টি হবে পরীক্ষাজট। কারণ, এসএসসি পেছালে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে এপ্রিলের বদলে জুনের পরে চলে যাবে। সে ক্ষেত্রে ফল প্রকাশ করে ২০১১ সালে উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া শুরু করা অসম্ভব হয়ে পড়বে।বছরজুড়ে শিক্ষার তিন স্তরে এই ওলট-পালট ছাড়াও আগামী বছরের লেখাপড়া নিয়েও এরই মধ্যে শিক্ষক-অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ ২০১১ সালে রয়েছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। রাজনৈতিক অস্থিরতার কারণে অনির্ধারিত হরতালের আশঙ্কা তো থাকছেই। এর বাইরে এসএসসি, এইচএসসি, পঞ্চম শ্রেণীর সমাপনী ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেটের আটটি ম্যাচ হবে বাংলাদেশে। শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এই খেলা উপলক্ষে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সংকেত রয়েছে। এ কারণে দুই মাস বাকি থাকলেও পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারছে না শিক্ষা বোর্ডগুলো।কিন্তু বছরের এক-তৃতীয়াংশ সময়ের বেশি এমনিতেই সাপ্তাহিক ছুটিসহ নির্ধারিত বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, পরীক্ষা পেছানো হলে ‘ভ্যাকেশন ডিপার্টমেন্ট’ হিসেবে খ্যাত শিক্ষা বিভাগ আগামী বছর ছুটির ফাঁদে পড়বে, যা প্রথম থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সব স্তরের লেখাপড়া ক্ষতিগ্রস্ত করবে।এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, খেলা শুরুর আগে আবশ্যিক ছয়টি বিষয় শেষ করা এবং খেলা চলার ফাঁকে অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, এখন যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা অক্টোবরে নির্বাচনী পরীক্ষা দিয়েছে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত তারা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। এপ্রিলে পরীক্ষা নিতে হলে তারা ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকবে এবং পরীক্ষার জন্য এখনকার যে প্রস্তুতি ও আগ্রহ, তাতে ভাটা পড়বে।এদিকে সরকারি ছাপাখানা (বিজি প্রেস) সূত্র জানায়, সেখানে সারা বছর কাজের চাপ থাকে এবং কাজ নির্দিষ্ট করা থাকে। ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা মাথায় রেখে বিজি প্রেস তাদের কাজের সূচি ঠিক করেছে। এটা পরিবর্তন করা হলে প্রশ্নপত্র ছাপাতে সমস্যা হবে। আবার এই বিপুলসংখ্যক প্রশ্ন আগে ছেপে রাখলে ফাঁস হওয়ার ঝুঁকি থাকে।এখনো পরীক্ষার রুটিন প্রকাশ না করা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্তব্য করতে চাননি। তিনি বলেন, শিগগিরই পরীক্ষার বিষয়টি পরীক্ষার্থীদের জানানো হবে।তবে শিক্ষা বিভাগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এসব বৈঠকে আগামী শিক্ষাবর্ষে লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তারা সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন। তাঁরা আরও বলেছেন, কয়েক বছর আগে এপ্রিলে এসএসসি পরীক্ষা শুরু হতো। এটা একটু একটু করে এগিয়ে ফেব্রুয়ারিতে আনার ফলে পাবলিক পরীক্ষা সম্পন্ন করা এবং বিভিন্ন স্তরে ক্লাস শুরুর ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। এটা ধরে রাখতে না পারলে আবারও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে।এক পরীক্ষা পেছালেই বছরজুড়ে জট: শিক্ষা বিভাগের একাধিক সূত্র জানায়, বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে শিক্ষার বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা পরীক্ষা ও খেলার তারিখের মধ্যে সাধ্যমতো দূরত্ব বজায় রেখে রুটিন তৈরির প্রস্তুতি নিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় ও বোর্ডগুলো তাদের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছে।একাধিক শিক্ষক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিশ্বকাপের মধ্যে বিরোধী দলের আন্দোলন জমানো কঠিন। এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েই বছরের বেশির ভাগ সময় পার করে দেওয়া যাবে। কারণ, এই চারটি পাবলিক পরীক্ষার সময় রাজনৈতিক দল হরতালের মতো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকে।আছে ইউপি, উপজেলা নির্বাচন: জানুয়ারির শেষ দিকে পৌরসভা ও মার্চের শেষ ভাগে ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে। স্থানীয় এ দুটি নির্বাচন সম্পন্ন করতে স্কুল-কলেজের শিক্ষকেরা মুখ্য ভূমিকা পালন করেন। তা ছাড়া নির্বাচনের সময় বহুমাত্রিক প্রচারে এলাকায় উত্তেজনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে অনেক ক্ষেত্রে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে না।পাবলিক পরীক্ষায় ছুটি: এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি পাবলিক পরীক্ষা—প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট। এই চারটি পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয় না। তা ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠানের শিক্ষক অন্য প্রতিষ্ঠানে পরিদর্শকের দায়িত্ব পালন করতে যান বলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব হলেও ক্লাস ঠিকমতো হয় না। ফলে এই চারটি পাবলিক পরীক্ষা চলার সময় অনেক প্রতিষ্ঠানে লেখাপড়ায় বড় ধরনের ক্ষতি হয়।বছরে অর্ধেক ছুটি: দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট ছুটি ৭৮ দিন এবং এর বাইরে সাপ্তাহিক ছুটি ৫২ দিন। অন্যদিকে কলেজে নির্দিষ্ট ছুটি ৮৫ দিন ও সাপ্তাহিক ছুটি ৫২ দিন। ২০১১ সালে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। হরতাল হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। সে ক্ষেত্রে ক্লাস ও পরীক্ষা ক্ষতিগ্রস্ত হবে।পরীক্ষা পেছানোর সঙ্গে ভিন্নমত: বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আনন্দ, উত্তেজনা থাকলেও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই পরীক্ষা পেছানোর সঙ্গে একমত নন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ খোঁজ নিয়ে জেনেছে, এশিয়ান গেমস চলাকালে চীনে পরীক্ষা-ক্লাস বন্ধ থাকেনি। এমনকি বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু থাকলেও কলকাতায় পাবলিক পরীক্ষা পেছানো হচ্ছে না।রাজধানীর কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী পরীক্ষা পেছানোর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, আগামী বছর এমনিতেই ক্লাস ও পরীক্ষার সময় কম পাওয়া যাবে। তাই আগামী ১ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার উদ্যোগ নেওয়া উচিত। নইলে লেখাপড়ায় যানজটের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, ছেলেমেয়েরা অবশ্যই খেলা দেখবে। কিন্তু তাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে।গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, পরীক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে। এখনকার শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই সচেতন ও বাস্তববাদী। ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে খেলা দেখতে চাওয়ার বিষয়টি খুব একটা সমর্থন পাবে বলে মনে হয় না।মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছে, সবচেয়ে ভালো হয় ১৯ ফেব্রুয়ারি খেলা শুরুর আগে পরীক্ষা শেষ হলে। সে জানায়, একটু চাপ হলেও তার বন্ধুরা পরীক্ষা শেষ করেই খেলা দেখতে আগ্রহী।