পরীক্ষাভীতি দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল।সবাই তার যোগ্যতা ও মেধার প্রতিফলন ঘটাতে পারবে অর্জিত ফলাফলের মাধ্যমে। প্রথম আলো পড়াশোনা পাতায় লিখতে গিয়ে নিজের পরীক্ষার কথা মনে পড়ে গেল। আজকের একজন শিক্ষার্থী শুনলে অবাক হতে পারে। আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট চারবার বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি। আমাদের নবম শ্রেণীতে ১০ বিষয়ে ও দশম শ্রেণীতে ওঠার পর অবশিষ্ট ছয় বিষয়ে এবং উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণীতে চারটি বিষয় ও দ্বাদশ শ্রেণীতে ব্যবহারিকসহ মোট আটটি বিষয়ে বোর্ডে পরীক্ষা দিয়েছি। এরপর বুয়েটে ভর্তি হয়েছি। বুয়েটে বছরে দুটি সেশন ছিল। দুটি সমাপনী পরীক্ষা। প্রতি সেশনে ছিল দুই ভাগ, এখানেও চার ভাগ। বিশ্ববিদ্যালয়ে এসে মোট ১৬ বার পরীক্ষা দিয়েছি।আমাদের মধ্যে যাদের ফলাফল খারাপ ছিল তাদের অতিরিক্ত পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে। এরপর দীর্ঘ সময় বুয়েটে শিক্ষকতা করেছি, প্রশ্ন করেছি, খাতা দেখেছি। পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছি। সবকিছু মিলিয়ে পরীক্ষা সম্পর্কে ভালো উদাহরণ ও অভিজ্ঞতা আছে।আমি লক্ষ করেছি, বহু ছেলেমেয়ে ক্লাসে ভালো উত্তর দিতে পারে, কিন্তু পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারে না। তারা বলে, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিল। আমার পরামর্শ হলো, পরীক্ষাভীতি দূর করা ও পরীক্ষাকে স্বাভাবিকভাবে নেওয়া। পরীক্ষার হলে পৌঁছানোর জন্য যথাসময়ে রওনা হওয়া। পরীক্ষা শুরু হওয়ার আধাঘণ্টা আগে পৌঁছে যাওয়া। বিশেষ করে যানজটের যুগে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অভিভাবকদের প্রতি আবেদন, ছেলেমেয়ে হয়তো আরেকটু পড়তে চাইবে, কিন্তু সেটি না করে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছানোর ব্যাপারে নজর দিতে হবে। যে ছেলেমেয়েরা নিজে গুছিয়ে চলতে পারে তাদের কিছু বলার নেই। কিন্তু যারা অভিভাবকের ওপর বেশি নির্ভরশীল সেক্ষেত্রে অভিভাবকেরা কলম, পেনসিল, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি গুছিয়ে দিতে পারেন। এরপর হলো পরীক্ষার হলে ঢুকে উত্তর দেওয়ার পালা। আমি বহু শিক্ষার্থীর কাছে শুনেছি, তারা সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর করতে পারে না। আমার জীবনে এমনটি হয়েছে বলে মনে করতে পারি না। আমি একটি পদ্ধতি অবলম্বন করতাম। একটি প্রশ্নের জন্য যত নম্বর বরাদ্দ সে সময় হচ্ছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক মাপকাঠি। ধরা যাক, মোট সময় তিন ঘণ্টা। আর উত্তর দিতে হবে ছয়টি প্রশ্নের। ধরা যাক, প্রশ্নগুলোর মান সমান। তাহলে একটি প্রশ্নের জন্য ৩০ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। আমি সব সময় এ রকম অবস্থায় ২০ মিনিট বরাদ্দ করতাম। এবং ২০ মিনিট পর একটি প্রশ্নের উত্তর অসমাপ্ত রেখে পরের প্রশ্নে চলে যেতাম। অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে হয়তো ছয়টি প্রশ্নের দুটি বা তিনটির পুরো উত্তর দিয়েছি। আর বাকিগুলো অসম্পূর্ণ ছিল। হয়তো একটি প্রশ্নে ক, খ, গ, ঘ চারটি ভাগ আছে এবং এখানেও নম্বরের অনুপাতে সময় দেওয়ার চেষ্টা করেছি। ছয়টি প্রশ্নের প্রথম পালা শেষ করে তখনো আমার হাতে প্রায় ৬০ মিনিট। এবার আমি চেষ্টা করেছি অসম্পূর্ণ উত্তরগুলো শেষ করতে। এবং আমার মনে হয়, জীবনে দেওয়া প্রতিটি পরীক্ষার শেষ ঘণ্টা পড়ার ১০-১৫ মিনিট আগে পরীক্ষা শেষ করেছি। এতে উত্তরগুলো আরেকবার পড়ে দেখা সম্ভব হয়েছে। এ কাজের জন্য প্রথমেই ঠিক করতে হবে, কোন কোন প্রশ্নের উত্তর দেব। যখন বুয়েটের ছাত্র ছিলাম তখন সেমিস্টারের প্রথম পরীক্ষাটিতে প্রতিটি বিষয়ে চারটি প্রশ্ন থাকত এবং সব কটির উত্তর দিতে হতো। আমাকে ঠিক করতে হতো কোনটি আগে লিখব আর কোনটি পরে। কিন্তু সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় আটটি প্রশ্নে ছয়টির উত্তর দিতে হতো। স্বাভাবিকভাবে যে ছয়টি ভালো পারি সেগুলোই বেছে নেব। আমি প্রথমেই প্রশ্নগুলো পড়ে যেটির উত্তর দিতে চাই সেটি পেনসিল দিয়ে টিকচিহ্ন দিয়ে নিতাম। যে অঙ্কটির সমাধান সম্পর্কে নিশ্চিত ছিলাম সেটি আগে হাতে নিতাম। সাধারণত দেখা যায়, প্রথম প্রশ্নটির উত্তর দিতে বহু সময় লেগে যায়। যেহেতু ভালো জানি সেহেতু আরও বেশি লেখার ইচ্ছে করে। সে জন্য সময়ের ওপর নিয়ন্ত্রণ আনা জরুরি। বহু শিক্ষার্থী পরীক্ষার আগের রাত ও তার আগের রাত দীর্ঘ সময় ধরে পড়ে। এটি ঠিক নয়। ভালোভাবে ঘুমিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাওয়া উচিত। একটি অঙ্ক সমাধান করতে গিয়ে মাঝপথে আটকে গেলে কোথায় ভুল হচ্ছে সেটি খুঁজে বের না করে পরবর্তী প্রশ্ন বা অঙ্কে চলে যাওয়া উচিত। আমাদের জীবনে পরীক্ষা দেওয়াটা একটি স্বাভাবিক ঘটনা। কাজেই এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। তবে এ পরীক্ষায় অর্জিত ফলাফল যেহেতু সারা জীবন সঙ্গে সঙ্গে চলবে, তাই এতে ভালো করার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। উচ্চমাধ্যমিকে যে ফল পাওয়া যাবে সেটি উচ্চতর শিক্ষার জন্য জরুরি হয়ে দাঁড়াবে। কাজেই এ পরীক্ষায় ভালো জিপিএ পাওয়া জরুরি। এ কারণে শুধু ভালো প্রস্তুতি নিলে হবে না। পরীক্ষার হলে গিয়ে ভালেভাবে লিখতেও হবে।  আইনুন নিশাত: উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়