এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বুধবার সকালে শুরু হয়েছে। পরীক্ষা ব্যাহত হওয়ার মতো কোনো আচরণ বা কর্মসূচি রাজনৈতিক দলগুলো দেবে না বলেই আশা প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি আশা করব পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ, এই পরীক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত্।’এ ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে বলে জানান মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদসহ প্রমুখ। এবার মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষা দিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখের বেশি।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, গতবারের চেয়ে এবার ১০টি শিক্ষা বোর্ডে এক লাখ পাঁচ হাজার ৫৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার দুজন। এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। এর মধ্যে সাত লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র ও ছয় লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী।মাধ্যমিকে পরীক্ষার্থী ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন, দাখিলে দুই লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি ভোকেশনালে ৯১ হাজার ১৫৮ জন। সারা দেশে দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ২৭৪ জন। মোট ২৬ হাজার ৮৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।বোর্ডভিত্তিক পরীক্ষার্থী: এসএসসিতে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী তিন লাখ ২৪ হাজার ৯১৮ জন, রাজশাহীতে এক লাখ ৩২ হাজার ৫৬৩ জন, কুমিল্লায় এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন, যশোরে এক লাখ ৩৩ হাজার ৪১১ জন, চট্টগ্রামে ৮৫ হাজার ৯৩৭ জন, বরিশালে ৬৩ হাজার ৭০৫ জন, সিলেটে ৫৮ হাজার ৫০০ এবং দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ২৪ হাজার ৯৪০ জন। সময়সূচি অনুযায়ী এসএসসির লিখিত পরীক্ষা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।