আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ম্যানপাওয়ার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। এতে অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।‘ম্যানপাওয়ার’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই নাটকের কাজ করেছিলাম প্রায় বছর দেড়েক আগে। কিন্তু এর সম্প্রচার শুরু হয়েছে কয়েক দিন আগে। নাটকটির নতুন কোনো পর্বে আর শুটিং করছি না। কারণ, আমি আসলে নাটকটির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। তা ছাড়া নানা ধরনের কাজের চাপও ছিল।এনটিভির ‘ধূপছায়া’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে?নাটকটির ৫০তম পর্বের প্রচার উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাটকের পুরো ইউনিট একটা পরিবারের মতো। প্রতি লটে এক মাস শুটিং হয়। শুটিংয়ে আমরা এতটাই মজা করি যে সময়টা কীভাবে শেষ হয়, টেরই পাই না। বেশি মজা হয় লোডশেডিংয়ের সময়। দেখা যায়, আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি; তখন ভাবতে থাকি, কখন বিদ্যুৎ যাবে। তবে এটাও ঠিক, লোডশেডিংয়ের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন পরিচালক আর প্রযোজকেরা।দেশ টিভির ‘অনুভূমি’ নাটকের কী খবর?হুমায়ুন ফরিদীর সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করলেও এবারই তাঁর পরিচালনায় অভিনয় করেছি। তাই নাটকটিতে কাজ করতে গিয়ে ভয় পেয়েছি। হুমায়ুন ফরিদী যখন মনিটরের সামনে বসে থাকেন, তখন ভয়টা বেশি অনুভব করি। তবে উনি যখন অভিনয়ের প্রশংসা করেন, তখন যে কী ভালো লাগে, তা বলে বোঝাতে পারব না।ঈদে কতগুলো নাটকে কাজ করেছেন?স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার কারণে গত প্রায় দেড় মাস ঈদের নাটকে তেমন কাজ করতে পারিনি। অনুরোধের কারণে কয়েকটি নাটকে কাজ করতে হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবুল হায়াত পরিচালিত ক্যান্সার, রোকেয়া প্রাচীর বৃষ্টির ঘ্রাণ, কিশোর মাহমুদের তার কেউ নেই।নতুন কোনো খবর আছে?হ্যাঁ, চিকিৎসক কিছু দিন আগে আমাকে একটি সুসংবাদ দিয়েছেন। মা হওয়ার খবরটি শুনে আমার খুব ভালো লাগছে। এখনো অনেক সময় বাকি আছে। তারপর সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছি। সবাই আমার এবং অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।