পরীক্ষার খাতা হাতে পেয়ে যা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি ধাপ পার হওয়ার পর এখন সবাই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। এ সময় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে পরীক্ষার হলে খাতা পাওয়ার পর করণীয় কী, এ বিষয়ে। পরীক্ষার হলে খাতা পাওয়ার পরের সময়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।২৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া মো. রেজাউল করিম জানান, পরীক্ষার হলে খাতা পাওয়ার পর প্রশ্নপত্র হাতে আসার আগে খাতার বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। খেয়াল রাখতে হবে, এখানে যেন কোনোভাবেই কোনো তথ্য ভুল না হয়। এরপর প্রশ্ন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সময়ের ব্যবস্থাপনার একটা হিসাব কষে নিতে হবে। প্রথম পাঁচ মিনিট প্রশ্নপত্র ভালোভাবে পড়ে নেওয়ার পর কোন প্রশ্নের উত্তর আগে করতে হবে এবং কোন প্রশ্নের উত্তর পরে করতে হবে, সে সিদ্ধান্ত নিতে হবে। এ কাজটি করলে পরীক্ষার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার দ্বিধাদ্বন্দ্ব-সংক্রান্ত ঝামেলা হবে না বা পরীক্ষার সময় মনোযোগে বিঘ্ন ঘটবে না।এরপর উত্তরপত্রে লেখার কাজটি শুরু করতে হবে। ২৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া প্রশান্ত কুমার দাস জানান, প্রশ্নের উত্তর করার সময় খুব ভালো জানা আছে এমন প্রশ্নের উত্তর প্রথমে করাই ভালো। এতে করে পরীক্ষার্থী সম্পর্কে পরীক্ষকের একটা ইতিবাচক ধারণা তৈরি হয়। তাই পরীক্ষার খাতায় প্রথমেই অপেক্ষাকৃত জটিল ও কম জানা বিষয় উত্তর না করাই ভালো।সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। এ ক্ষেত্রে প্রথম থেকেই ভালোমতো হাত চালিয়ে লিখতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সব প্রশ্নের উত্তর করা যায়। কেননা, সব প্রশ্নের উত্তর করতে না পারলে নম্বর কমে যায়। একটি প্রশ্নের খুব ভালো উত্তর করে অন্য প্রশ্ন বাদ দিয়ে আসাটা পরীক্ষার্থীর জন্য কোনো ভালো বিষয় নয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে প্রতিযোগী অনেক। তাই কোনো প্রশ্নের উত্তর বাদ গেলে পেছনে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কোন কোন প্রশ্ন ও কোন কোন বিষয়ে ভালো নম্বর পাওয়া যায়। এ বিষয়গুলো সঠিকভাবে নির্বাচন করে উত্তর দিতে হবে। তাহলে ভালো নম্বর পাওয়া যাবে। পরীক্ষার শেষ সময়ও খুব গুরুত্বপূর্ণ। মো. রেজাউল করিম জানান, প্রয়োজনে ছোট ছোট করে উত্তর লিখে শেষের জন্য অন্তত পাঁচ মিনিট সময় হাতে রাখতে হবে। এ সময়ে পরীক্ষার খাতায় প্রতিটি প্রশ্নের নম্বর সঠিকভাবে লেখা হয়েছে কি না, তা লক্ষ রাখতে হবে। সঙ্গে সঙ্গে প্রশ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করে দেখতে হবে। সময় যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে শুরু থেকেই খেয়াল রাখতে হবে। পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার সময় প্রতিটি কাজই সতর্কতা ও আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে।