পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা সবচেয়ে বেশি জরুরি
অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা সবচেয়ে বেশি জরুরি। কারণ, ভালো উপস্থাপনা বেশি নম্বর পেতে সহায়তা করে। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত ও যথাযথ উত্তর লেখাকেই বোঝায়। খাতার ওপর ও বাঁ দিকে পেনসিল দিয়ে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবে। নির্ভুলভাবে প্রশ্নের নম্বর লিখে আন্ডারলাইন করে উত্তর লেখা শুরু করতে হবে। প্রশ্নপত্র পাওয়ার পর অবশ্যই মনোযোগ সহকারে একবার পড়ে নিতে হবে। তারপর কোন কোন প্রশ্নের উত্তর লিখবে, তা নির্বাচন করে লেখা শুরু করবে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে সরলরেখার সমাপ্তি চিহ্ন দিতে হবে। হাতের লেখা স্পষ্ট ও সুন্দর হতে হবে। নির্ভুল বানানে লেখার প্রতি যত্নশীল হতে হবে। উত্তরপত্রে কাটাকাটি করবে না। তবে লেখার কোনো অংশ কাটতে হলে তা এক টানে কেটে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী উত্তরে প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদির ব্যবহার করতে হবে। এগুলো উত্তরের মান বহুলাংশে বৃদ্ধি করে। পরীক্ষা শেষে রিভিশন দেওয়া খুবই প্রয়োজন। তাই শেষ পাঁচ মিনিট অবশ্যই মনোযোগ দিয়ে রিভিশন করবে।