পরীক্ষার খাতায় ৮০ নম্বরপত্রে শূন্য!
পরীক্ষায় খাতায় পরীক্ষার্থী নম্বর পেয়েছে ৮০, নম্বরপত্রে তাকে দেওয়া হয়েছে শূন্য। খাতায় একজনের নম্বর উঠেছে ৮৫, নম্বরপত্রে বসানো হয়েছে পাঁচ। শতাধিক শিক্ষার্থীর বেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এসব পরীক্ষার্থীর অভিভাবকেরা। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষায় এসব ত্রুটি ধরা পড়েছে।অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, পরীক্ষকদের অবহেলা ও চরম দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে।শিক্ষা বোর্ড সূত্রের ভাষ্য, পরীক্ষার খাতায় পাওয়া নম্বর সঠিকভাবে নম্বরপত্রে না তোলার বিষয়টি শোধরানোর পর জিপিএ-৪ পাওয়া ২৬ জন শিক্ষার্থী নতুন ফল অনুযায়ী জিপিএ-৫ পেয়েছে। এই নিরীক্ষার পরে শুধু ইসলাম ধর্ম বিষয়ে ৩৬ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। ইসলাম ধর্ম বিষয়ে জিপিএ-৫ না পাওয়ায় মোট ফলাফলে জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ জন সংশোধিত ফলে জিপিএ-৫ পেয়েছে। এতে নম্বরপত্র চ্যালেঞ্জ করা মোট ১১২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।গত ৩০ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ফলাফল নিয়ে আপত্তি তোলা পরীক্ষার্থীদের মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে বলা হয়। শিক্ষা বোর্ড সূত্র জানায়, এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী এই আবেদন করে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।এই ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শুধু ‘রাজশাহী এ-১০১’ কেন্দ্র থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৩১ জনের ফলে পরিবর্তিত হয়েছে। এই কেন্দ্রে শুধু ইসলাম ধর্ম বিষয়ে ২২ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন ধরা পড়েছে। দেখা গেছে, এই কেন্দ্রের ১০০৫২৭ রোল নম্বর থেকে ১০০৫৩৪ পর্যন্ত সবাই ইসলাম ধর্ম বিষয়ে জিপিএ-৫ না পাওয়ার কারণে প্রাথমিকভাবে প্রকাশিত সার্বিক ফলাফলে জিপিএ-৫ পায়নি। জানা গেছে, এরা রাজশাহী পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রথম সারির শিক্ষার্থী। নির্ধারিত দিনে এই বিদ্যালয়ে ফলাফল নিতে এসে অনেক শিক্ষার্থীকে কাঁদতে দেখা গেছে।এই বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া ওবায়েদ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয়ে আসছে। গণিত ও ইংরেজির মতো অপেক্ষাকৃত কঠিন বিষয়সহ অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেলেও শুধু ইসলাম ধর্মে সে প্রাথমিক ফলে জিপিএ-৫ পায়নি। একইভাবে ক্লাসের ১ নম্বর রোলধারী সেঁজুতিসহ প্রথমসারির ১০ শিক্ষার্থীর কেউ জিপিএ-৫ পায়নি। পরে পুনর্নিরীক্ষার ফলাফলে বাকি নয়জন জিপিএ-৫ পেলেও সেঁজুতি পায়নি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার খাতায় পরীক্ষক যে নম্বর দিয়েছেন, তা মূল নম্বরপত্রে তোলার ক্ষেত্রে ভুল হলে তাঁরা সংশোধন করে দেবেন। তাঁরা বলেন, সেঁজুতির খাতায় পরীক্ষকের দেওয়া নম্বর অনুযায়ী সে জিপিএ-৫ পায়নি। এ ক্ষেত্রে তাঁদের কিছুই করার নেই।রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উত্তরপত্র থেকে নম্বর যোগ করে তা নম্বর ফর্দতে ওঠানোর সময় বৃত্ত ভরাট করতে গিয়ে এ বিপত্তি ঘটে। তাঁরা বলেন, বৃত্ত ভরাট করতে গিয়ে পরীক্ষকেরা ৮৮ নম্বরের বিপরীতে ৪৪ হিসেবে বৃত্ত ভরাট করেছেন। একইভাবে ৮৩ নম্বরের স্থলে ৩৮, ৬২ এর স্থলে ১২, ৯৬-এর স্থলে ৬৬, ৮০-এর স্থলে শূন্য, ৮৫-এর স্থলে ৫, ৮০-এর স্থলে ৪০ নম্বর দিয়েছেন। এ ছাড়া অনেক ক্ষেত্রে খাতার নম্বর যোগ করার সময় সব পাতার নম্বর যোগ করা হয়নি।যেসব শিক্ষার্থী এ ধরনের ভুলের শিকার হয়েছে, তারা চ্যালেঞ্জ করায় পুনর্নিরীক্ষায় ফলাফল পরিবর্তন করা হয়েছে। তবে পরীক্ষক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেসব খাতায় কম নম্বর দিয়ে গেছেন, সেই খাতার ব্যাপারে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এই শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষার আবেদন করলেও তাদের বিবেচনায় আনা হয়নি। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা প্রথম আলোকে বলেন, যেসব পরীক্ষক নম্বরপত্রে নম্বর তোলার ক্ষেত্রে ভুল করেছেন, তাঁরা দুই বছর পরীক্ষক বা প্রধান পরীক্ষক হওয়ার সুযোগ পাবেন না। তাঁর ভাষ্য, এর বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা তাঁদের হাতে নেই। তবে কোনো পরীক্ষক খাতায় পরীক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী নম্বর না দিয়ে থাকলে তাঁদের করার কিছুই নেই।