সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্স রোগে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়ার পর গতকাল শুক্রবার ঢাকা থেকে দুটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত দলের সদস্যরা আক্রান্ত রোগীদের রক্ত ও মৃত গরুর হাড়গোড় নমুনা হিসেবে সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন।একটি তদন্ত দলে রয়েছেন স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) তিনজন চিকিত্সাবিজ্ঞানী। আরেকটি দলে রয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) পাঁচজন চিকিত্সাবিজ্ঞানী এবং একজন পশু চিকিত্সাবিজ্ঞানী।জানা গেছে, উপজেলার চিথুলিয়া গ্রামে ২৭ জুলাই একটি অসুস্থ ষাঁড় ও পরের দিন একটি অসুস্থ গাভি জবাই করা হয়। এর দুই দিন পর থেকেই মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থান, বিশেষ করে হাতে ও পায়ে গুটি দেখা দেয়। আক্রান্ত ব্যক্তিরা চিকিত্সার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৩৩ জনকে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত করার পর গতকাল আরও ছয়জনকে শনাক্ত করা হয়। এ নিয়ে সেখানে মোট ৩৯ জন অ্যানথ্রাক্স আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।গতকাল আক্রান্ত এলাকা পরিদর্শনের সময় তদন্ত দলের সদস্যরা বলেন, এটি ‘কিউটেনিয়াস অ্যানথ্রাক্স’। এটা সাধারণত ত্বকে সংক্রমিত হয়। এই ভাইরাস শুধু পশু থেকে মানুষে সংক্রমণ ঘটায়। মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনো আশঙ্কা নেই। বিজ্ঞানীরা আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওই দুটি গরুর হাড়গোড় সংগ্রহ করে ঢাকার পশুসম্পদ গবেষণা কেন্দ্রে পাঠিয়েছে। দু-এক দিনের মধ্যেই পরীক্ষার ফল পাওয়া যাবে।তদন্ত দলের সদস্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুবোধ কুমার বলেন, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের হতাশ হওয়ার কিছু নেই। নির্দিষ্ট ওষুধ সেবন করলে এটি ভালো হয়ে যায়। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এ থেকে রোগের বিস্তৃতি ঘটারও অবকাশ নেই। যারা আক্রান্ত হয়েছিল, তারা সবাই এখন ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।এদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে বিনা মূল্যে এই রোগের প্রতিষেধক বড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চিথুলিয়া গ্রামে মাইকিং করে আক্রান্ত রোগী ও অন্যান্য লোকজনকে ডেকে এ ব্যাপারে সচেতনতামূলক সভা করা হয়। সভায় তদন্ত দলের সদস্যরা ছাড়াও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় চিকিত্সকেরা।জেলা পশুপালন কর্মকর্তা বলেন, যেকোনো রোগাক্রান্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। রোগাক্রান্ত গরু মারা গেলে সেটিকে মাটিতে পুঁতে রাখতে হবে। তাহলে এই রোগের বিস্তার ঘটার আশঙ্কা রোধ করা যাবে। প্রতিটি গবাদিপশুকে অবশ্যই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে হবে।এ ছাড়া আজ শনিবার শাহজাদপুর রবীন্দ্র মিলনায়তনে উপজেলার খামারি ও জনপ্রতিনিধিদের নিয়ে আরেকটি সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এ ব্যাপারে গতকাল প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। সভায় পশুসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।