পরীক্ষার দিনে হরতাল না দিতে পরীক্ষার্থীদের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার দিনগুলোতে হরতাল না দেওয়ার অনুরোধ জানিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের কিছু এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পরীক্ষার্থী সাবির নুর বলে, ‘আমরা এ দেশের ভবিষ্যত্ প্রজন্ম। সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে না পারলে আমরা অনেক পিছিয়ে যাব। আর পরীক্ষা পেছালে আমাদের পরবর্তী শিক্ষা-কার্যক্রমও বিলম্বিত হবে। এতে সেশনজট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাই পরীক্ষার দিনগুলোতে হরতাল না দেওয়ার জন্য বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’সাবির নুর আরও বলে, ‘সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাব, এমন কোনো কাজ করবেন না যেন পরীক্ষা পিছিয়ে যায়।’সাবির নুর বলে, ‘আমরা কেউ রাজনীতি করি না। কেউ রাজনৈতিক দলেরও নই। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, যেন আমাদের নিয়ে রাজনীতি না করা হয়। এমনকি এই সংবাদ সম্মেলন নিয়েও কোনো রাজনীতি করবেন না।’ নটরডেম কলেজের পরীক্ষার্থী রাফি রেজা বলে, ‘দাবি আদায়ে পরীক্ষার দিন ছাড়াও অন্য কোনো দিন কর্মসূচি দেওয়া যায়। তাতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এক দিনের হরতালে পরীক্ষা পেছালে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। হয়তো এ কারণে কেউ কেউ “এ প্লাস” না-ও পেতে পারে।’ সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন কলেজের বেশ কিছু পরীক্ষার্থী উপস্থিত ছিল।এদিকে আজ দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও পরীক্ষার সময় হরতাল না দিতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছেন।