দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক শেষ চিঠি। লিখেছেন ফরহাদ লিমন, পরিচালনা করেছেন জয়ন্ত মন্ডল। এতে অভিনয় করেছেন শখ। কথা হলো তাঁর সঙ্গে।‘শেষ চিঠি’ নাটকে আপনি সজলের সঙ্গে অভিনয় করেছেন। এবারই কি প্রথম আপনারা একসঙ্গে অভিনয় করলেন?হ্যাঁ, আমি তো অভিনয় করছি বছর দেড়-দুয়েক হলো। আর সজল অনেক আগে থেকে অভিনয় করছেন। কিন্তু কোনো নাটকেই আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আমি এমনিতেই নাটকে কম কাজ করি। তাই এত দিন কোনো নাটকে দর্শক আমাদের পায়নি।প্রথম একসঙ্গে কাজ করলেন। নিশ্চয়ই খুব মজা করেছেন?এই নাটকে কাজ করার পর আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব তৈরি হয়েছে। নাটকে একটা গানের সঙ্গে আমরা অভিনয় করেছি—আরফিন রুমী ও পড়শির গাওয়া গানটি হলো ‘মাঝে মাঝে স্বপ্ন দেখি’। ওখানে কোনো কোরিওগ্রাফার ছিল না। আমি ও সজল পরামর্শ করে গানটির সঙ্গে অভিনয় করেছি। এভাবে সাধারণত শুটিং স্পটে গিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে কোরিওগ্রাফি করা হয় না। আপনাকে অনেক দিন কোনো ধারাবাহিক নাটকেও দেখা যাচ্ছে না।এবার আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেব। আমি লালমাটিয়া মহিলা কলেজে বাণিজ্য বিভাগের ছাত্রী। নিয়মিত ক্লাস করতে হচ্ছে। ধারাবাহিকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়। সেটা এই মুহুর্তে সম্ভব হবে না। এমনিতেই টিভির এক ঘণ্টার নাটক, অন্য অনুষ্ঠান, নাচ ও বিজ্ঞাপনচিত্রের কাজের জন্য অনেক সময় দিতে হয়। এখন পড়াশোনাটা ঠিকমতো করতে চাচ্ছি। তাহলে চলচ্চিত্রে অভিনয়ের কী হবে?গত বছর শাকিব খানের সঙ্গে আমার বলো না তুমি আমার ছবিটি মুক্তি পেয়েছিল। ওই ছবিতে অভিনয়ের সিদ্ধান্তটা একেবারে হুট করেই নিয়েছিলাম। চলচ্চিত্রে কাজের ব্যাপারে কোনো অভিজ্ঞতাও ছিল না। তাই ছবিটার ফলাফল দেখার জন্য অপেক্ষা করছিলাম। তখন তো অনেক কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু কারও সঙ্গেই কথা বলিনি। তবে এখন কিন্তু কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলছি। সবকিছু পছন্দ হলে পরীক্ষার পর আবার চলচ্চিত্রে অভিনয় করব।