পরীক্ষার পালা শেষ হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রথম দিনের পরীক্ষা গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়েছে কাজাখস্তানের বেলদারুন দ্বীপে। দ্বীপের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে টানা সাড়ে চার ঘণ্টার পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। বীজগণিত, জ্যামিতি ও ফাংশনের তিনটি সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছিল গতকালের পরীক্ষায়। আজ দ্বিতীয় দিনে শেষ হবে পরীক্ষার পালা। প্রথম দিনের পরীক্ষায় সাধ্যমতো চেষ্টা করেছে বাংলাদেশ গণিত দলের পাঁচ সদস্য—তারিক আদনান, হক মুহাম্মদ ইশফাক, প্রাণন রহমান খান, কাজী হাসান জুবায়ের ও নাফিজা আনজুম। হ্রদের পাড়ে সুন্দর ডরমিটরিতে আইএমওর প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এখানে এসে পৌঁছেছে আইএমওতে অংশ নেওয়া ৯৮টি দেশের প্রতিযোগী। ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।গতকালের পরীক্ষা যখন চলছিল তখন সহদলনেতাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন স্বাস্থ্যকেন্দ্র আর আশপাশের অঞ্চলে নিয়ে যাওয়া হয়। হ্রদের পাড়ে কাজাখস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতের পাদদেশে মনোরম স্বাস্থ্য ও বিনোদনকেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। আজ দ্বিতীয় দিনের পরীক্ষার পরই শেষ হবে প্রতিযোগীদের মেধার লড়াই। আরও তিনটি সমস্যার সমাধান করতে দেওয়া হবে আজকের পরীক্ষায়। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন আনন্দ-ভ্রমণ ও খেলাধুলা শুরু হবে। আর খাতা দেখার জন্য সহদলনেতারা আস্তানায় দলনেতাদের সঙ্গে যোগ দেবেন। প্রসঙ্গত, এবার ষষ্ঠবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত দল আইএমওতে অংশ নিচ্ছে।