পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি যানজটে বসে
উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী রাতুলের পরীক্ষা সকাল ১০টা থেকে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার উদ্দেশে সে বাসা থেকে রওনা দিয়েছে সকাল সাতটায়। অবশ্য এ ছাড়া কোনো উপায় নেই। তার বাসা উত্তরায় আর পরীক্ষাকেন্দ্র তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে। পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে সে কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় রাতুলকে পার করতে হয়েছে রাস্তায়, গাড়িতে। যানজটে বসে পরীক্ষার একেবারের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে রাতুল। তার মতো রাজধানীর আরও হাজার হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার আগমুহূর্তের প্রস্তুতি নিয়েছে গাড়িতে বসে। তবে কারও কারও ভাগ্য একটু ভিন্ন রকম। তাদের যানজটে আটকে থাকতে হয়নি। তাতে হয়েছে আরেক সমস্যা, পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই তারা পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজির হয়েছে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। অগত্যা পরীক্ষাকেন্দ্রের সামনে দাঁড়িয়েই অনেককে পড়তে দেখা যায়।এমনিতে যানজট ঢাকা শহরের নিত্যসঙ্গী। তার ওপর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস, এদিন জট একটু বেশি হওয়াটাই যেন স্বাভাবিক। অন্যদিকে আজ আবার প্রথম পরীক্ষা, পরীক্ষার হলে গিয়ে খুঁজে নিতে হবে নিজের আসনটি। তাই বাড়তি সতর্কতা হিসেবে প্রায় সবাই একটু বেশি সময় নিয়েই বাসাবাড়ি থেকে বের হয়েছে।তেজগাঁও মহিলা কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেওয়া অনিকা হোসেনের বাবা মো. ইসমাইল হোসেন বললেন, তাঁর বাসা তালতলায়। তিনি মেয়েকে নিয়ে সকাল আটটায় পরীক্ষাকেন্দ্র সরকারি বিজ্ঞান কলেজের উদ্দেশে রওনা দেন। সপ্তাহের প্রথম দিন, প্রথম পরীক্ষা—এসব বিষয় মাথায় রেখে একটু আগেই রওনা দেন। কিন্তু ভাগ্য ভালো। তিনি নয়টার আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। প্রায় এক ঘণ্টা সময়। পরীক্ষাকেন্দ্রের সামনে দাঁড়িয়েই শেষবারের মতো বইয়ে একটু চোখ বুলিয়ে নিয়েছে অনিকা।আজ রোববার সকাল ১০টায় সারা দেশে একযোগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।