এইচএসসি ও সমমানের পরীক্ষার দিনগুলোতে হরতালের মতো সহিংস কর্মসূচি না দিতে রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।গতকাল সোমবার দুটি পৃথক বিবৃতিতে দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আহ্বান জানান।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে ১০ লাখ পরীক্ষার্থী। পরীক্ষার আগে থেকেই সারা দেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান সহিংসতা সমাজে উদ্বেগ ও আশঙ্কার জন্ম দিয়েছে। এটা সহজেই অনুমান করা যায় যে বর্তমান অস্থিরতায় পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে অসুবিধা ও বিপন্ন বোধ করছে।বিবৃতিতে বলা হয়েছে, হরতালের দিন ছাড়া বিশেষ করে, হরতালের আগের দিন গাড়ি পোড়ানো, সড়ক অবরোধ ও জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত বোধ করে। শিক্ষার্থীরা প্রবল মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে পড়লে তা তাদের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এতে আরও বলা হয়, হরতাল দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলেরই আছে। দলগুলো এ-ও জানে, পরীক্ষার্থীরা হচ্ছে প্রজন্ম, দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নয়, দলমত-নির্বিশেষে সবার সন্তান। তাদের সুযোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের দায়িত্ব।বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়, পাবলিক পরীক্ষার কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলো পরীক্ষার সময় হরতাল বা অনুরূপ কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকবে।বিবৃতি দেওয়া নাগরিকেরা হলেন জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, কাজী খলীকুজ্জমান আহমদ, নজরুল ইসলাম, সেলিনা হোসেন, সুলতানা কামাল, রিজওয়ানা হাসান, ফরাস উদ্দিন, শফি আহমেদ, আবদুল মান্নান চৌধুরী, মাহবুব আলী ও আবদুল মান্নান।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট হরতাল আহ্বান করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন।যৌথ বিবৃতিতে এই নাগরিকেরা বলেছেন, প্রায় ১০ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ সময় হরতাল ডাকা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং সব বিবেচনায় অগ্রহণযোগ্য। বিবৃতিতে হরতালের সময় লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের পেটানোকে অমানবিক বলে মন্তব্য করা হয়। তাঁরা পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কর্মসূচি না দিতে সবার প্রতি আহ্বান জানান। বিবৃতি দিয়েছেন কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, প্রাণ গোপাল দত্ত, মীজানুর রহমান, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, হাশেম খান, ফেরদৌসী মজুমদার, মহাদেব সাহা, সারোয়ার আলী, মুহাম্মদ সামাদ, খুশী কবির, কামরুল হাসান খান প্রমুখ।