পরীক্ষার হলে অসুস্থ হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরীক্ষার হলে সাবের আহম্মদ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ প্রথম আলো ডটকমকে জানান, সাবের আহম্মদ আজ সকালে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজকেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। হঠাত্ করে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। এর কিছু সময় পর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ তাঁকে মৃত ঘোষণা করেন।উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের প্রধান মহিবুল কবির জাহেদি জানান, টানা দুই ঘণ্টা পরীক্ষার পর সাবের জানান, তাঁর মাথাব্যথা করছে। পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক তাঁর মাথায় পানি ঢালেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় লালানগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী চিকিত্সক কাঞ্চন চৌধুরী তাঁকে প্রাথমিক চিকিত্সা দেন। এতেও কাজ না হওয়ায় তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর কিছু সময় পর সাবের মারা যান।সহকারী চিকিত্সক কাঞ্চন চৌধুরী বলেন, সাবেরের রক্তচাপ কমে গিয়ে নাড়ির স্পন্দন বেড়ে যাওয়ায় তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, সাবের আহম্মদ রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর নোয়াগাঁও এলাকার মৃত ফজল করিমের ছেলে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে চিকিত্সকেরা নিশ্চিত হতে পারেননি। তবে হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন বলে চিকিত্সকেরা ধারণা করছেন। খবর পেয়ে বড় ভাই নুরুল আলম হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন। সাবেরের পরিবারের সদস্যরা তাঁর লাশের ময়নাতদন্তের বিষয়ে রাজি হননি। আজ বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।সাবেরের বড় ভাই নুরুল আলম জানান, সাবের আহমদ রাঙ্গুনিয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন। গতকাল গভীর রাত পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি নেন সাবের। সকালে পরীক্ষার হলে যাওয়ার সময়ও তিনি সুস্থ ছিলেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট।