পরীক্ষার হলে কোনো কিছু নিয়ে ভয় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়, ঢাকাপ্রিয় পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইল। প্রত্যেক শিক্ষার্থীর জন্যই এই এসএসসি পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের মতো আমরাও এই পরীক্ষায় বসেছিলাম। একটা কথা না বললেই নয়। পরীক্ষা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করবে না। আমি বলব, এটাকে উত্সবের মতো গ্রহণ কর। তাতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তোমাকে ভাবতে হবে—দুবছর প্রস্তুতি নিয়েছি, আমি পারবই। পরীক্ষা হলে কোনকিছু নিয়ে ভয় পাবে না। প্রশ্নপত্র হাতে পেলে তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। প্রশ্নে যদি তোমার অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাতে মন খারাপ করার কিছু নেই।এতগুলো প্রশ্নের মধ্যে দুই-একটা তোমার অজানা থাকতেই পারে। যে প্রশ্নটার উত্তর তুমি ভালো পার সেটা দিয়ে শুরু করবে। হলে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হাতে নিয়ে প্রশ্নের মানের সঙ্গে সময়টা ভাগ করে নেবে। প্রত্যেক প্রশ্নের জন্য আলাদা সময় নিলে তোমার কোনো প্রশ্নই ক্ষতিগ্রস্ত হবে না। তবে সময় ভাগ করার আগে অবশ্যই ১০ মিনিট সময় হাতে রেখে নিবে। সময় ভাগ করে প্রত্যেকটা প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে লিখবে। এতে করে পরীক্ষক যখন তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন তখন তোমার খাতা সম্পর্কে একটা ভালো ধারণা জন্মাবে। ফলে তুমি ভালো নম্বর পাবে। পরীক্ষার খাতায় লেখা শেষ হলে খাতা রিভিশন না দিয়ে জমা দেবে না। রিভিশনে অনেক ছোটখাটো ভুল ধরা পড়বে।