পরীক্ষার হলে জুতা, মোজা নিষিদ্ধ
ভারতের তামিলনাড়ু রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের জুতা, মোজা এবং কোমরে বেল্ট পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য এই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল ঠেকাতে রাজ্যের সরকারি পরীক্ষা অধিদপ্তর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।২০১০ সালের এ পরীক্ষা-সম্পর্কিত একটি নির্দেশিকায় হল তত্ত্বাবধায়কদের বলা হয়েছে পরীক্ষার্থীদের জুতা, মোজা ও বেল্ট হলের বাইরে রেখে আসার বিষয়টি নিশ্চিত করতে।পাশাপাশি পরীক্ষার্থীরা আধুনিক হাত ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং কাগজের কোনো টুকরাও হলে আনতে পারবে না।অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, এটা খুবই সাধারণ ব্যাপার যে ছাত্ররা বিভিন্ন প্রশ্নের উত্তর কাগজে লিখে তা জুতা বা মোজার ভেতরে লুকিয়ে পরীক্ষার হলে নিয়ে আসে। এমনকি অনেকে কোমরের বেল্টের ভেতরে ঢুকিয়েও তা করে। যা ধরতে পারা হলের পরিদর্শকদের জন্য অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। তাই পরীক্ষার্থীদের এলোপাতাড়ি তল্লাশি করার চেয়ে এই উদ্যোগ বেশি কার্যকর হবে। আর যদি কেউ জামা-কাপড়ের ভেতরে করে নকল নিয়ে আসে তখন কর্তৃপক্ষ কী করবে, এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, সে ক্ষেত্রে হল পরিদর্শকের দৃষ্টি এড়িয়ে নকল বের করতে ওই পরীক্ষার্থীকে অনেক বেগ পেত হবে।