পরীক্ষার হলে মুঠোফোন আবার নিষিদ্ধ, ধরা পড়লে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীই সঙ্গে মুঠোফোন রাখতে পারবেন না। এর পরেও যদি কেউ রাখেন, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম থাকলেও শিক্ষার্থীরা মুঠোফোন সঙ্গে আনছেন কি না, সেটি কখনো দেখা হয় না।এ ছাড়া ভর্তি পরীক্ষায় ছবি যাচাইয়ের সুযোগ না থাকায় কিছু ভুয়া পরীক্ষার্থীও পরীক্ষা দিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রার্থী ভুয়া প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। আর সামনের পরীক্ষাগুলোয় কেউ মোবাইল আনলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নের উত্তর পাঠানোর সময় ধরা পড়েন এক ভুয়া প্রার্থী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার নিউমার্কেট থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষা বাতিলের গুজব প্রসঙ্গে বলেন, পরীক্ষা বাতিল হবে না। তবে যাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনের ব্যবহার: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছরের ১৭ জানুয়ারি শৃঙ্খলা পরিষদ ভর্তিসহ সব পরীক্ষায় মুঠোফোন ব্যবহার বন্ধের সুপারিশ করে। ওই সুপারিশ অনুযায়ী ২৭ জানুয়ারি সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়, পরীক্ষার হলে মুঠোফোন আনলে কিংবা তাতে সংরক্ষিত তথ্য থেকে নকল করলে অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি হবে। তবে পরীক্ষার হলে কখনোই মোবাইল আছে কি না কিংবা থাকলেও কেউ ব্যবহার করছেন কি না, সেটি দেখা হয় না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল খান প্রথম আলোকে বলেন, মোবাইলের মাধ্যমে নকল করায় তিনজন পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে প্রার্থীরা মোবাইল আনছেন কি না, সেটি গুরুত্ব দিয়ে দেখা হতো না। এখন থেকে এ বিষয়ে নজরদারি জোরদার করা হবে। পরীক্ষার্থীরা মোবাইল আনছেন কি না, সেটি পরীক্ষা করতে ভবিষ্যতে স্ক্যানার বসানোরও চিন্তা করছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীর বদলে ভিন্ন ছবি: ভুয়া প্রার্থী হিসেবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন আমিনুল ইসলাম নামে একজন। তিনি মোশাররফ হোসেনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। এ জন্য তিনি মোশাররফের আবেদনপত্রে নিজের ছবি ব্যবহার করেছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ও ভুয়া শিক্ষার্থীদের ঠেকাতে এ বছরই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তির আবেদনপত্র ছাড়ে। এতে প্রার্থীদের সব তথ্য নেওয়া হলেও এসএসসি ও এইচএসসির সনদে ছবি না থাকায় একজনের জায়গায় আরেকজনের ছবি ব্যবহার হচ্ছে কি না, সেটি প্রমাণের সুযোগ নেই। প্রথম বর্ষে ভর্তি কমিটির সদস্য হাসিবুর রশীদ প্রথম আলোকে বলেন, বোর্ড এখনো শিক্ষার্থীর ছবি রেকর্ড করছে না। এ কারণে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছবি যাচাইয়ের কোনো সুযোগ ছিল না। মামলা: নিউমার্কেট থানায় হওয়া মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান। এজহারে বলা হয়, ২৯ অক্টোবর সমাজকল্যাণ অনুষদের ২০১ নম্বর কক্ষ থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে আমিনুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাশী মসজিদসংলগ্ন একটি বাসা থেকে সাতজনকে আটক করা হয়। তাঁরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আমিনুল ইসলাম (২৬), বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র মো. আনোয়ার হোসেন (২৫), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সোহেল রানা (২৫) ও মো. নজরুল ইসলাম (২৮), বরিশাল বিএম কলেজের প্রাক্তন ছাত্র মো. শাহজাদা (৩০), কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র মো. বাচ্চু মিয়া (২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শাহাদৎ হোসেন (২৪) এবং পটুয়াখালীর মো. জামাল উদ্দিন। তাঁদের কাছ থেকে একটি মুঠোফোন, বিভিন্ন পরীক্ষার ১৫টি প্রবেশপত্র, বিভিন্ন জনের পাসপোর্ট সাইজের ছবি ১৩০টি, মোবাইল সিম সাতটি, থিন পেপার ১৫টি ইত্যাদি জব্দ করা হয়। জালিয়াতি চক্রের তথ্য: অভিযানের নেতৃত্বদানকারী র্যা ব-৩-এর নয়াটোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ জাররার হোসেন প্রথম আলোকে বলেন, এই চক্রের প্রধান আমিনুল ইসলাম। তিনি ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমিনুল অর্থের বিনিময়ে নিয়মিত অন্যজনের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতেন। ২৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। গত ছয় বছরে এই কাজ করে তিনি ১৫ লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন। জাররার হোসেন বলেন, এবার অনলাইনে আবেদন করায় পাশাপাশি বসে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ছিল না। চক্রের আরেক সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সোহেল রানা মুঠোফোনে উত্তর দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেন। একই বিভাগের ছাত্র নজরুল পালন করে সমন্বয়কের ভূমিকা। তিনি তাঁর বন্ধুবান্ধবকে চক্রের সঙ্গে জড়িত করেন। নজরুলই আমিনুলকে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক করেন। এই চক্র মোবাইলে উত্তর পাঠানোর জন্য প্রার্থীর কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। এই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ওই চক্রের কাছ থেকে এ পর্যন্ত ১৮ জন ভর্তি প্রার্থীর রোল নম্বর এবং আরও অন্তত ২২ জনের ফোন নম্বর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ইউনিটগুলোর ভর্তি পরীক্ষায় প্রার্থীদের মুঠোফোন ছাড়া পরীক্ষার হলে আসার নির্দেশ দেন।