পরীক্ষার হলে হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোজা এসএসসি পরীক্ষার কক্ষে এসে হাজির হয়েছিল এক হনুমান। শুধু তাই নয়, এক শিক্ষার্থীর খাতাও কেড়ে নেয় সে। আবার ১০ মিনিট পর খাতাটি ফেরতও দিয়ে গেছে হনুমানটি। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজের কেন্দ্রে।আজ বৃহস্পতিবার সকালে চুকনগর কলেজে পরীক্ষার্থীদের যখন এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের খাতা দেওয়া হচ্ছিল, ঠিক তখন দোতলার জানালার পাশেই একটি মেহগনি গাছের ডালে বসে ওই হনুমান শিক্ষার্থীদের দিকে তাকিয়ে ছিল। খানিক বাদে সেটি সোজা কক্ষের ভেতরে ঢুকে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে হনুমানটি এক শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতাটি কেড়ে নিয়ে লাফিয়ে আবারও ওই মেহগনি গাছের মগডালে উঠে যায়। এর ১০ মিনিট পর গাছ থেকে নেমে পরীক্ষাকক্ষের বারান্দায় এসে খাতাটি ফেলে দিয়ে হনুমান দেয় এক ছুট। এর পরই শুরু হয়ে যায় শোরগোল।কলেজকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।