পরীক্ষার্থী সেজে ফেঁসে গেলেন শিক্ষক
অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার দায়ে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকাল ১০টার দিকে অষ্টম কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।দণ্ডাদেশ পাওয়া এই ভুয়া পরীক্ষার্থী হলেন ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সিংগা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে অষ্টম কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রের ১০৫ নম্বর কক্ষে খাতা স্বাক্ষরের সময় এক পরীক্ষার্থীর (ক্রমিক নম্বর ৪০১১৫৯৪৯) প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে পরীক্ষা দেওয়া ব্যক্তির অমিল দেখতে পান দায়িত্ব পালনরত কক্ষপরিদর্শক আবদুস সাত্তার। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষর কুমারখালীর ভালুকা গ্রামের নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম ওরফে তুষারের। কিন্তু সেখানে পরীক্ষা দিচ্ছিলেন মনোয়ার হোসেন। ছবির সঙ্গে মিল না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে।নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ সালের ৩(খ) ধারায় মনোয়ার হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তিনি ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। দণ্ড পাওয়া মনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম টাকার বিনিময়ে তাঁকে এই পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলেন। তিনি ছাত্রলীগের ওই নেতার হয়ে পরীক্ষা দিতে যান। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, কক্ষে কোনো ঝামেলা হবে না। কিন্তু পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তিনি অনুতপ্ত। এক বছর আগে তিনি ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে চাকরি পান।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আমিরুল ইসলাম ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে ওই কমিটি বিলুপ্ত। এ ব্যাপারে জানতে চাইলে আমিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।