পরীক্ষার্থীদের কথা ভেবে হরতাল পরিহার করুন
এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে রোববারের হরতাল পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা ধ্বংসাত্মক পথ পরিহার করুন। হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।’আজ শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনারসহ আমরা ইলিয়াস আলীর বাসায় গিয়েছিলাম এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। পুলিশ, ডিবি ও র্যাব ইলিয়াস আলীর ঘটনা তদন্ত করছে। আমরা আশা করছি শিগগিরই তদন্তের সুফল পাব।’দুই দিনব্যাপী এই বৈশাখী মেলায় ডিএমপির স্টলসহ অর্ধ-শতাধিক স্টল রয়েছে। এসব স্টলে বাংলার লোকজ সংস্কৃতির নানা পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রয়েছে। আগামীকাল মেলার শেষ দিন। বাসস।