পরীক্ষায় পাস করতে না পেরে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএসের এক ছাত্র মো. নাহাল (৩৮) আত্মহত্যা করেছেন। নাহালের পরিবার ও সহপাঠীদের দাবি, ২১ বছর ধরে পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে না পেরে নাহাল মেডিকেল কলেজের ফজলে রাব্বি ছাত্রাবাসে বিষ পান করেন। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে তিনি মারা যান। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নাহাল ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি ছাত্রাবাসের এ/৮ নম্বর কক্ষে থাকতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাইরে থেকে এসে গোসলখানায় ঢোকেন। বাইরে থেকে গোঙানির শব্দ শুনে হলের ক্যানটিনের মালিক এমরান হোসেন গোসলখানা থেকে নেহালকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে (মেডিসিন ওয়ার্ডে) চিকিত্সাধীন অবস্থায় বেলা আড়াইটায় তিনি মারা যান। চিকিত্সকেরা জানিয়েছেন, নাহাল বিষজাতীয় তরল পদার্থ পান করেছেন। ক্যানটিনের মালিক এমরান হোসেন প্রথম আলোকে জানান, প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ১০টায় নাহাল তাঁর ক্যানটিনে নাস্তা করে বাইরে যান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর কক্ষে ফেরেন। অচেতন অবস্থায় উদ্ধারের সময় তাঁর মুখে বিষজাতীয় তরল পদার্থ লেগেছিল। তাঁর পাশ থেকে বিষের একটি শিশি উদ্ধার করা হয়। এমরান জানান, নাহাল ক্যানটিনে বসে প্রায়ই বলতেন, পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারছেন না। আর পরীক্ষা দিয়েই বা কি হবে। এ ছাড়া তিনি অর্থ সংকটের কথা বলতেন। তিনি শুনেছেন, শিক্ষকেরা ফরম পূরণে এবার আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। নাহালের সহপাঠীরা জানান, নাহালের রুমমেট বিশ্বজিত্ এবার পাস করে ঢাকা মেডিকেলে শিক্ষানবিশ চিকিত্সক হিসেবে কাজ করছেন। ২১ বছর ধরে পরীক্ষায় অংশ নিয়েও পাস করতে পারতে না পারায় তিনি বিষন্নতায় ভুগছিলেন। তিনি কে-৪৭ ব্যাচের প্রথম বর্ষের ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন ২০ বছর আগে। বর্তমানে কে-৬৭ ব্যাচের শিক্ষার্থীরা প্রথম বর্ষে অধ্যয়নরত। খবর পেয়ে নেহালের চাচা মাহতাবউদ্দিন সিলেটের বিশ্বনাথের চানসীর গ্রাম থেকে সন্ধ্যায় ঢাকায় আসেন। তিনি বলেন, ২১ বছর ধরে পরীক্ষা দিয়ে তার ভাইপো এমবিবিএস পাস করতে পারেনি। এই মৃত্যু নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই নেহালের লাশটি তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। নাহালের বাবা মৃত আবুল খায়ের। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।