পরীক্ষায় সময় ব্যবস্থাপনা খুব জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষা সব শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলাফলের ওপর নির্ভর করে ভবিষ্যতে তোমাদের উচ্চশিক্ষা নেওয়ার আকাঙ্ক্ষা। এ ছাড়া পছন্দমতো বিষয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি না, তা-ও অনেকাংশে নির্ভর করে এ পরীক্ষার ফলাফলের ওপর। সে জন্য এ পরীক্ষার প্রস্তুতিও মনোযোগ সহকারে নেওয়া প্রয়োজন। নির্বাচনী পরীক্ষার পর তোমাদের নিশ্চয়ই একটা ধারণা হয়েছে, কোন বিষয়ে তোমাদের দুর্বলতা আছে। সুতরাং, প্রস্তুতি পর্বে এ বিষয় বা বিষয়গুলোর ওপর অধিকতর গুরুত্ব দিতে হবে। কয়েক বছর ধরে চেষ্টা চলছে, মুখস্থনির্ভর পরীক্ষা নয়, সৃজনশীল পরীক্ষার মাধ্যমে যাচাই করা যে তোমরা বিষয়বস্তুটি বুঝতে পেরেছ কি না। যদি মনে করো, কোনো বিষয় এখনো ঠিকভাবে বুঝতে পারছ না, তাহলে বন্ধুবান্ধব বা শিক্ষকদের সহায়তা নিতে পারো। যেহেতু, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, সে জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র পাওয়ার পর উত্তর লেখা শুরু করে। এটা পরিহার করা উচিত। সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালো করে পড়ে সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। যেগুলো তোমার কাছে তুলনামূলকভাবে সহজ এবং উত্তর সাবলীলভাবে দিতে পারবে, সে প্রশ্নের উত্তর দিয়েই শুরু করবে। কিন্তু উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে, ওই প্রশ্নে যে নম্বর, তার অনুপাতে বেশি সময় যেন ব্যয় না হয়। এভাবে ধীরে ধীরে কঠিন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কিছু সময় হাত রাখতে হবে, যাতে সম্পূর্ণ রিভিশন দেওয়ার সুযোগ থাকে। যদি পড়তে গিয়ে মনে হয় কোথাও বানান ভুল হয়েছে বা পয়েন্ট বাদ পড়ে গেছে, তাহলে সেগুলো সংযোজন করার এটাই সময়। আশা করব, পরীক্ষার সময় ওপরের বিষয়গুলো মনে রাখবে।আরেকটি কথা মনে রাখা প্রয়োজন, কোনো বিষয়ে পরীক্ষকেরা দুটি জিনিস পছন্দ করেন। প্রথমটি হলো সুন্দর হাতের লেখা এবং দ্বিতীয়টি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। সব পরীক্ষার্থীর জন্য রইল শুভেচ্ছা। আশা করি, পরীক্ষার প্রস্তুতি পর্বে ওপরের বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তবে আশানুরূপ ফল না হলেও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকাল যেকোনো বিষয়ে পড়ে উচ্চতর পর্যায়ে গিয়ে নিজের পছন্দমতো বিষয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি শেষে তড়িৎকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যায়। তাই হতাশ না হয়ে ভালো করার চেষ্টা করে যেতে হবে। তোমার জন্য শুভকামনা। লেখক: উপাচার্য, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক