পরের অ্যালবামটি নিজ উদ্যোগেই করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ঢাকায় এসেছেন মৌসুমী ভৌমিক। প্রায়ই আসেন। এখানে তিনি একটি গবেষণার কাজ করছেন। কাজের ফাঁকে গানও করেন। গতকাল মঙ্গলবার গান করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তিনি গান করবেন বিয়াম মিলনায়তনে। গতকাল মগবাজারে এক বাসায় কথা হলো তাঁর সঙ্গে। ঢাকায় কী করছেন?আমি দীর্ঘদিন ধরে বাংলা লোকগান সংগ্রহের ওপর গবেষণা করছি। ঢাকায় এবার এসেছি শুধুই গবেষণার কাজে। চট্টগ্রামেও গিয়েছিলাম। কাজের ফাঁকে গান করতে হচ্ছে।গান সংগ্রহের প্রতি আগ্রহটা কীভাবে তৈরি হলো?ঢাকায় এলে প্রায়ই আমাদের আড্ডা হতো কাপ্তান বাজারে। ওই সময় পাটুয়াটুলিতে প্রচুর বিচ্ছেদি গান শুনতাম। গানগুলো আমাকে দারুণ আকর্ষণ করেছে। এরপর ওই ধরনের গান সংগ্রহ শুরু করি। এই কাজ করতে গিয়ে আমার বন্ধুবান্ধবের সংখ্যা বাড়তে থাকে। তারাও গান সংগ্রহের ব্যাপারে আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। এভাবেই গান সংগ্রহের প্রতি আগ্রহ তৈরি হয়। আমার এই কাজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ইচ্ছা আছে।আপনার তো ‘পারাপার’ নামের একটি গানের দল আছে। এখান থেকে আগামীতে কী করবেন?কলকাতা ও লন্ডনের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ২০০২ সালে ‘পারাপার’ নামে গানের দল গঠন করি। আমরা মূলত কীর্তন, ভাটিয়ালি, আধুনিক এবং ভারতীয় ও পশ্চিমা ধাঁচের গানের সঙ্গে মেলবন্ধন তৈরির চেষ্টা করছি। ভারতের আসাম ও বাংলাদেশ থেকে বিভিন্ন লোকগান সংগ্রহ করছি। আমাদের দলের বেশির ভাগ সদস্য বিভিন্ন দেশে থাকার কারণে সেভাবে নিয়মিতভাবে চর্চা করতে পারি না। তবে এখন আমরা পারাপার থেকে একটা অ্যালবাম বের করার পরিকল্পনা করছি।অনেক দিন আপনার নতুন অ্যালবাম প্রকাশিত হয়নি।আমার প্রথম অ্যালবাম তুমিও চিল হও প্রকাশিত হয় ১৯৯৪ সালে এইচএমভি থেকে। তাদের সঙ্গে দুই বছরের একটি চুক্তি হয়েছিল। কিন্তু নানা কারণে দ্বিতীয় অ্যালবাম প্রকাশের আগেই এইচএমভির সঙ্গে চুক্তি বাতিল করি। অনেকেই আমার নতুন অ্যালবাম বের করতে চেয়েছে। আপাতত কোনো একক অ্যালবাম বের করার ইচ্ছা নেই। তবে পরের একক অ্যালবামটি নিজ উদ্যোগেই বের করার কথা ভাবছি।  মনজুর কাদের