ভারতের আসােমর বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া মিয়ানমারে ‘গুলিবদ্ধ’ হয়েছেন বলে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির অনলাইনের খবরে দাবি করা হয়েছে। তবে আজ শনিবার প্রকাশিত এ খবরের সুনির্দিষ্ট কোনো সূত্র তারা উল্লেখ করেনি। এদিকে আসামসহ উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তত্পরতার বিষয়ে খোঁজখবর রাখেন এমন এক ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর কাছে খবরটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।এনডিটিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর হাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জঙ্গলে পরেশ বড়ুয়া গুলিবিদ্ধ হয়েছেন। নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে তারা জানায়, গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে আছেন। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন বিদ্রোহী ছিলেন। আসামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি ভারত সরকার ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সঙ্গে শর্তহীন আলোচনা শুরু করে। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে উলফার প্রতিনিধি আলোচনায় অংশ নেন। তবে পরেশ বড়ুয়া ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন। তিনি আলোচনার অংশ নেওয়ার পূর্বশর্ত হিসেবে আসামের স্বায়ত্তশাসন দাবি করেছেন। প্রথম আলোর কাছে ভারতীয় ওই সাংবাদিক দাবি করেন, তাঁর সঙ্গে গতকালও পরেশ বড়ুয়ার কথা হয়েছে। তিনি এ খবরের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।এনডিটিভি ছাড়াও ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি নিউজ, ডন, ইন্ডিয়া টুডের অনলাইন খবরেও পরেশ বড়ুয়া ‘গুলিবিদ্ধ’ হয়েছেন বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, আসামের স্বাধীনতার দাবিতে উলফা গত তিন দশক সশস্ত্র আন্দোলন করেছে। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। তবে তাদের এ সশস্ত্র আন্দোলন ভুল ছিল বলে গত বছর স্বীকার করে উলফা। একই সঙ্গে তারা শর্তহীন শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ঘোষণা করে।