দশ ট্রাক অস্ত্র আটক মামলা
পরেশ বড়ুয়া ও আমিনের ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
১০ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত মামলায় পলাতক দুই আসামি ভারতীয় বিচ্ছিন্নতা-বাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল আমিনকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান। আগামী ৩ অক্টোবর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আদালতে দাখিলের আদেশ দেন তিনি। আদালত ওই দিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করবেন। সূত্র জানায়, পরেশ বড়ুয়া ও মো. নুরুল আমিনের নাম ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা দুজনই পলাতক। গত ২৯ জুন তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। তাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাঁদের আদালতে আত্মসমর্পণ করতে বলা হবে। এদিকে অস্ত্র ও চোরাচালান উভয় মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক ও শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদার দীন মোহাম্মদ গতকাল জামিনের আবেদন করেন। আদালত তাঁদের আবেদন নাকচ করেন।জামিনের শুনানিতে অংশ নিয়ে নিজামীর কৌঁসুলি আদালতে বলেন, এজাহারে নিজামীর নাম ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে দুজন সাক্ষীর বানানো বক্তব্যের ভিত্তিতে তাঁকে আসামি করা হয়। এনামুল হকের কৌঁসুলি বলেন, ঘটনার সময় তিনি (এনামুল) সিইউএফএল এলাকায় ছিলেন না। হয়রানি করতেই তাঁকে ফাঁসানো হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মতিউর রহমান নিজামী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। নিজামী ও বাবর ছাড়া অন্য নয় আসামি হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও প্রতিরক্ষা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক (পরে এনএসআইয়ের মহাপরিচালক হন) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহম্মদ, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীন উদ্দীন তালুকদার, ওই সংস্থার সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক, চোরাকারবারি হিসেবে পরিচিত হাফিজুর রহমান ও শ্রমিক সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দীন মোহাম্মদ।গতকাল বাবরের কৌঁসুলিরা তাঁর মক্কেলের সঙ্গে এজলাসকক্ষে কথা বলতে দুই ঘণ্টা সময় চান। আদালত পাঁচ কৌঁসুলিকে ৩০ মিনিট কথা বলার সময় দেন। একই আদেশে স্ত্রী ও একমাত্র কন্যার সঙ্গে এনএসআইয়ের সাবেক পরিচালক ও উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন ১০ মিনিট কথা বলার সুযোগ পান। প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়।