পরোয়ানার আসামির পরোয়া নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাচেষ্টার মামলায় আদালত ২০০২ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সাড়ে নয় বছর ধরে পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। তাঁকে পলাতক দেখিয়ে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার বিচারিক কাজ চলছে। আগামীকাল ২৮ জুলাই মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য আছে। এই আসামির নাম মানিক জমাদ্দার। আদালতের নথিতে পলাতক হলেও তাঁর চলাফেরা পুলিশের সঙ্গেই। এলাকায় তিনি র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত। রাজাপুর থানায় প্রায়ই তাঁকে দেখা যায়। বাড়ি-ঘরেই থাকেন। এলাকায় সালিস-নালিশও করেন। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে যুবক শাহ আলমকে কুপিয়ে এবং গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় মানিক জমাদ্দার (৫০) অভিযোগপত্রভুক্ত আসামি। রাজাপুরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী মিজান ও মোরসেদ জমাদ্দারের অন্যতম সহযোগী তিনি। একটি চাঁদাবাজির মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন, তবে জামিনে আছেন। র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর গত ৮ মে সাতুরিয়া গ্রামের জমাদ্দারহাটে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি যখন লিমনের আত্মীয়স্বজনসহ এলাকার লোকজনের সঙ্গে কথা বলছিলেন, তখন মানিক জমাদ্দারের নেতৃত্বে এলাকার সাত-আটজন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে পুলিশের সামনে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে শওকত আকবর সাক্ষ্য গ্রহণ না করে চলে আসেন। চার দিন পর গত ১২ মে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর আবার রাজাপুর উপজেলা পরিষদের ডাকবাংলায় লিমনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। এদিনও মানিক জমাদ্দার তাঁর দলবল নিয়ে ডাকবাংলার সামনে উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ‘পলাতক’ মানিক জমাদ্দার। গত ২২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল রাজাপুরের কাঠিপাড়া এলাকা পরিদর্শনে গেলে থানার পুলিশের একটি দলের সঙ্গে মানিক জমাদ্দারও সেখানে উপস্থিত ছিলেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান। যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা: রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান বাদী হয়ে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর রাজাপুর থানায় মামলা করেন। এতে মানিক জমাদ্দারসহ ২৪ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সন্ত্রাসী মানিক জমাদ্দার, মিজান জমাদ্দার, মোরসেদ জমাদ্দার, তাঁদের চাচা মিল্লাত জমাদ্দারসহ ২৫-৩০ জন ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় সাতুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে প্রথমে কুপিয়ে এবং পরে পেটে গুলি করে মারাত্মক জখম করে স্থানীয় আমতলা বাজারে ফেলে যান। শাহ আলমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। রাজাপুর থানার তৎকালীন উপপরিদর্শক মো. কাজেম আলী মুনশী মামলার তদন্ত করে ওই বছর ২০ ডিসেম্বর মানিক জমাদ্দার, মিজান জমাদ্দার, মোরসেদ জমাদ্দারসহ ১৪ জনের বিরুদ্ধে ঝালকাঠির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ওই বছর ১৯ জানুয়ারি মানিক জমাদ্দারসহ পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা আমল না হওয়ায় মানিক জমাদ্দারের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি করেন আদালত। অপর তিন আসামি আদালতে উপস্থিত হন। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৩৯(বি) ধারায় মানিক জমাদ্দারসহ অন্যান্য আসামিকে পলাতক দেখিয়ে তাঁদের হাজির হওয়ার জন্য ২০০২ সালের ২ নভেম্বর স্থানীয় দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০০৭ সালের ১ নভেম্বর ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারের জন্য ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। ওই বছর ৪ নভেম্বর থেকে এই আদালতে মানিক জমাদ্দারকে পলাতক দেখিয়ে বিচারিক কাজ শুরু হয়। গত ১৬ জুন মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মানিক জমাদ্দার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলার সঙ্গে সংশ্লিষ্ট কেউই বিষয়টি আদালতের নজরে আনেননি। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. হোসেন আকন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। কিন্তু তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন—এ বিষয়টি কেউ আমাকে জানায়নি। জানলে আদালতকে জানাতাম। আদালত আবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।’ঝালকাঠির সাবেক এপিপি মো. নূর হোসেন বলেন, ‘আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়া পর্যন্ত তা সংশ্লিষ্ট থানায় থাকবে। মানিক জমাদ্দারের নামে গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু তামিল হয়নি, তাই তা রাজাপুর থানায় সংরক্ষিত থাকার কথা।’চাঁদাবাজির মামলায় সাজা: ১৯৯৪ সালে রাজাপুরের নৈকাঠি গ্রামের সুপারি ব্যবসায়ী আলমগীর হোসেনকে মারধর করে অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুর রব হাওলাদার ২০০২ সালে সন্ত্রাসী মানিক জমাদ্দার, মিজান জমাদ্দার ও মোরসেদ জমাদ্দারসহ নয়জনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেন। ১৩ মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন নেন মানিক জমাদ্দার। এই মামলার বাদী আলমগীর হোসেন বলেন, ‘মানিক জমাদ্দারসহ অন্য আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। আমি উচ্চ আদালতে তদবির করতে পারিনি। ফলে তাঁরা জামিন পেয়েছেন। মুক্ত হওয়ার পর থেকে মানিক জমাদ্দার আমাকে ও আমার ছেলেকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। শুনেছি তিনি এখন র‌্যাবের সোর্স হিসেবে কাজ করেন।’সাবেক ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন নূরু বলেন, ‘মানিক জমাদ্দার পুলিশ ও র‌্যাবের সঙ্গে ঘোরাফেরা করায় এলাকার মানুষ তাঁকে ভয় পায়। মামলা-মোকদ্দমায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি টাকা-পয়সা আদায় করেন বলেও শোনা যাচ্ছে।’ রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গত রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, মানিক জমাদ্দারের নামে তাঁর থানায় কোনো পরোয়ানা নেই। তিনি বলেন, অনেক সময় নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামি উচ্চ আদালতে গেলে পরোয়ানা স্থগিত হয়। এ ক্ষেত্রে এমনটা হলেও হতে পারে।গত রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মানিক জমাদ্দার প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি এ রকম কোনো মামলার আসামি নন। তাঁর বিরুদ্ধে কোনো পরোয়ানা নেই। তিনি র‌্যাবের সোর্স হিসেবে কাজ করার কথা অস্বীকার করেন। লিমনের ঘটনায় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার কথাও অস্বীকার করেন মানিক জমাদ্দার।