পর্তুগালের ম্যাদেইরা দ্বীপে বন্যা ও ভূমিধসে ৩২ জনের মৃত্যু
প্রবল বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে পর্তুগালের ম্যাদেইরা দ্বীপে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৬৮ জনকে চিকিত্সার জন্য আটলান্টিক দ্বীপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটলান্টিক দ্বীপ পর্যটনের জন্য বিখ্যাত। তবে এ দুর্ঘটনায় কোনো পর্যটক বিপদে পড়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, নাগরিকদের যেকোনো ধরনের বিপদ থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত স্থানীয় প্রতিষ্ঠানটিতে বিপুলসংখ্যক মানুষ সহযোগিতা চেয়ে ফোন করছে।গতকাল শনিবার বয়ে যাওয়া প্রবল বাতাস ও বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ম্যাদেইরা দ্বীপের প্রধান নগর ফানচাল এবং দক্ষিণ উপকূলের অন্যান্য শহর ও গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাদেইরার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ফানচালের মেয়র স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। বন্যা ও ভূমিধসের কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে জরুরি সেবা বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পানির তোড়ে ভেঙে গেছে বেশ কিছু সেতু ও রাস্তা, পানিতে ভেসে গেছে বহু গাড়ি।এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী জোসে সক্রেটিস প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ওই অঞ্চলে জরুরি অবস্থা জারির চিন্তা-ভাবনা করছে সরকার।আঞ্চলিক সরকারের নেতা অ্যালবার্তো জোয়াও জারদিম জানান, গৃহহারা মানুষের জন্য কর্তৃপক্ষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে।পর্তুগালের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে ম্যাদেইরাতে এ রকম বড় ধরনের ঝড়ের ঘটনা ঘটেছিল ১৯৯৩ সালে অক্টোবরে। ওই ঝড়ে আটজনের মৃত্যু হয়।