পর্তুগিজদের অত্যাচারে উপকূলে নৈরাজ্য
পর্তুগিজদের সীমাহীন দৌরাত্ম্য ও নিষ্ঠুর অনাচারে চট্টগ্রাম ও ভুলুয়া থেকে বাকলা পর্যন্ত উপকূলীয় অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্দ্বীপে স্থায়ী আবাস গেড়ে পর্তুগিজরা কয়েক বছর ধরেই দস্যুতা ও নারী অপহরণের মতো দুষ্কর্ম চালিয়ে আসছিল। সম্প্রতি তাদের দৌরাত্ম্য সকল সীমা ছাড়িয়ে গেছে। পর্তুগিজ জলদস্যুরা উপকূলের নানা অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালাচ্ছে। গত বুধবার লুটতরাজ করে চলে যাওয়ার আগে চট্টগ্রামে তারা দুটি গ্রাম জ্বালিয়ে দেয়। এতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে আটজন পুরুষ, ১৪ জন নারী ও ১৭ জন শিশু মারা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, পর্তুগিজ দস্যুরা গত এক সপ্তাহে চট্টগ্রামে নয়জন, ভুলুয়ায় সাতজন ও বাকলায় তিনজন নারীকে অপহরণ করেছে। তাঁদের মধ্যে রয়েছেন ভুলুয়ার জমিদার শেখ লতিফ খানের স্ত্রী মর্জিনা বেগম। জমিদারের বাসভবন বেদনায় স্থবির হয়ে আছে। অপহরণের পর গত তিন দিন চুলায় হাঁড়ি চড়েনি। জমিদারের ১২ বছরের মেয়ে মর্সিয়া বেগম এই প্রতিবেদকের সামনে বুক চাপড়ে আহাজারি করছিল। শেখ লতিফ খান বললেন, ‘পর্তুগিজেরা যদি আমার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার হিম্মত্ দেখায়, তাহলে আমজনতা এখানে বেঁচে থাকার ভরসা কোথায় পাবে?’উপকূলীয় অঞ্চলের দরিদ্র গ্রামবাসীর প্রধান জীবিকা মাছ ধরা। কিন্তু জলদস্যুদের উত্পাতে তারা মাছ ধরতে যাওয়ার সাহস পাচ্ছে না। গ্রামের পর গ্রামে মানুষ অভুক্ত হয়ে আছে।পর্তুগিজদের এ উত্পাত বহুগুণ বেড়ে গেছে গত বছর আরাকানরাজ মেং রাজগিইর সঙ্গে পর্তুগিজ নেতা সেবাস্তিয়ান গনসালভেজের দ্বন্দ্ব বেঁধে যাওয়ার পর। উচ্চাকাঙ্ক্ষী গনসালভেজে এ মুলুকে এসেছিলেন সৈনিক হিসেবে। সে বৃত্তি ছেড়ে তিনি বাণিজ্যে মন দেন। অচিরেই বল প্রয়োগ করে সন্দ্বীপে ক্ষমতা কায়েম করেন। এর পর আরাকানরাজ ও গনসালভেজ একে অন্যের আনুগত্য আদায়ের জন্য বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়েন। তাতে আরাকান রাজপরিবারের সদস্যরাও নিহত হন। উপকূলের নিরীহ মানুষেরা এখন ক্ষমতা কায়েমের সেই দ্বন্দ্বের মাশুল কড়ায়-গন্ডায় দিয়ে চলেছেন।