পর্দা উঠল দেশের বৃহত্তম ক্রীড়া আসরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বৃহত্তম ক্রীড়া আসর অষ্টম বাংলাদেশ গেমস শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডিজিটাল বোর্ডে স্বাক্ষরদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় দিনের এই উত্সবের উদ্বোধন করেন। খবর বাসস।আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মশাল প্রজ্বলন এবং ক্রীড়াবিদদের মার্চপাস্টসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে অষ্টম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২৫ হাজার ৫৭০ আসন ধারণ ক্ষমতাসম্পন্ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিনা টিকিটে ১২ হাজার ৫৭০ জন সাধারণ দর্শক এই জমকালো উদ্বোধনি অনুষ্ঠান উপভোগের সুযোগ পান।আনুমানিক আট কোটি টাকা ব্যয়ের উদ্বোধনি অনুষ্ঠানের উল্লেখযোগ্য দুটি বিষয় ছিল—মশাল প্রজ্বলন ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক প্রদর্শনী। প্রদর্শনীর মধ্যে ছিল বাংলাদেশের গ্রামীণ জীবন, মুক্তিযুদ্ধ এবং সমাজে ক্রীড়ার প্রভাব। শংকর সাওজাল এর নেতৃত্বে এতে ছয়শো শিল্পী অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এম আহাদ আলি সরকার এবং সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী পৌঁছানোর পরপরই বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর অংশগ্রহণকারী ১০০টি দল শপথ গ্রহণ শেষে মার্চপাস্টে যোগ দেয়। এ ছাড়া গেমসের মাসকট ‘কাঠবিড়ালি’ স্টেডিয়ামের চারদিক ঘুরে আসে। ঘোরার একপর্যায়ে মাসকটটি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পড়লে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। মুহুর্মুহু: আতশবাজি ফোটানোর মাধ্যমে সাড়ে চার ঘণ্টার এই উদ্বোধনি অনুষ্ঠান শেষ হয়।অষ্টম বাংলাদেশ গেমসের ৩৫৬টি ইভেন্টে দুই হাজার ২৪৩টি পদকের (স্বর্ণ-৬৯৯, রৌপ্য-৬৯৯ ও ব্রোঞ্জ-৮৪৫) জন্য ৩১টি বিষয়ে মোট ছয় হাজার ৮৫৫ জন ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেবেন।