পর্দায় ভেসে ওঠে আসামির মুখ, তবু অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানফাটা গুলির আওয়াজ। একটি উড়ন্ত হেলিকপ্টারে গুলি করছেন বিদ্রোহী জওয়ানরা। গুলি খেয়ে একপাক ঘুরে চলে গেল কপ্টারটি। এরপর গণকবর। পোশাক পরা কর্মকর্তাদের মৃতদেহ টেনে তুলছেন সহকর্মীরা। পাশে সারি করে রাখা মৃতদেহ। বিকৃত মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়ছেন সহকর্মী-বন্ধুরা। পরের দৃশ্যে পিলখানার বন্দিদশা থেকে মুক্তি পাওয়া উদ্বিগ্ন মানুষ—বৃদ্ধ-নারী-শিশু সবাই। এরপর এক শিশুর বুকফাটা কান্না, ‘বাবাকে না নিয়ে আমি কোথাও যাব না।’পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ গতকাল ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচারের সময় মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে এভাবেই প্রদর্শিত হয় বিদ্রোহের পরে ধারণ করা এসব দৃশ্য। অভিযোগ প্রমাণের জন্য বিভিন্ন সূত্র থেকে এসব দৃশ্য সংগ্রহ করা হয়।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালতকে গতকাল অন্যভাবে দেখা যায়। ভেতরে বসানো পাঁচটি বড় পর্দা, সেখানে প্রদর্শিত হচ্ছিল বিডিআর বিদ্রোহের নানা দৃশ্য। এ ছাড়া ছিল সাতটি বড় আকারের এলসিডি মনিটর—আসামিদের জন্য তিনটি, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য একটি, সাংবাদিকদের জন্য একটি ও বিচারকদের সামনে দুটি। বিডিআর বিদ্রোহে জড়িত আসামিরা এজলাসে বসেই দেখতে পান, তাঁরা কী অপরাধ করেছেন, সেই অপরাধের চলমান ও স্থিরচিত্র। ‘অপরাধ করিনি, আমি নির্দোষ’ বলে পার পাওয়ার সুযোগ নেই। তবু এসব দৃশ্য দেখার পর অনেকে নিজের ছবিকেও অস্বীকার করেন। বিডিআরের কর্মকর্তারা জানান, বাংলাদেশে এর আগে এমন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কোথাও বিচারকাজ হয়নি।পিলখানার দরবার হলে এই আদালতের কার্যক্রম শুরু হয় গতকাল শনিবার সকাল নয়টা ৪৫ মিনিটে। এর আগে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন আসামিকে সেখানে হাজির করা হয়। এঁদের মধ্যে ২৯ জন দোষ স্বীকার করেন। তাঁরা আদালতকে বলেন, ঘটনার দিন তাঁরা দরবার হলের পেছনে বসে ছিলেন। গন্ডগোল ও পরিস্থিতি খারাপ দেখে দরবার হল ত্যাগ করেছিলেন।বিচারের শুরুতেই মামলার প্রসিকিউটর লে. কর্নেল শামসুর রহমান সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের জন্য আদালতের অনুমতি চান। ১ নম্বর সাক্ষী হিসেবে বক্তব্য দেন মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমান। তিনি একে একে আসামির নাম ধরে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ দেন। এ সময় তাঁর বক্তব্যের সমর্থনে বিভিন্ন ভিডিওচিত্র দেখানো হয়। মতিউর রহমান এভাবে ৩৩ জন আসামিকে শনাক্ত করেন।মতিউর রহমান সাক্ষ্য দেওয়ার সময় ল্যান্স নায়েক মোজাম্মেলের নাম বলতেই পর্দায় ভেসে ওঠে ৫ নম্বর গেটে দায়িত্ব পালনকারী তাঁর ছবি। এরপর তিনি সেপাই মামুন আল জুয়েলের নাম বলেন। পর্দায় ভেসে ওঠে মুখে নীল কাপড় বেঁধে তিনি ঘুরে বেড়াচ্ছেন। বিচারক তাঁর কাছে জানতে চান, ছবিটি তাঁর কি না। উত্তরে জুয়েল বলেন, না, এটা তাঁর ছবি নয়। পর্দায় দেখা যায়, সেপাই আশরাফ গাড়িতে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন। তিনিও পর্দায় নিজের চেহারা দেখে অস্বীকার করেন। তাঁর পথ ধরে সেপাই এমদাদুল হক, ফাকের আলীও অস্বীকার করেন। তখন বিচারক ফাকের আলীকে বলেন, ‘আপনার কি যমজ ভাই আছে?’ জবাবে তিনি বলেন, ‘না, মাননীয় আদালত।’ পর্দায় দেখা যায়, হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন সেপাই মোজাম্মেল। সেপাই হেলাল মর্টার শেলের ওপর হাত দিয়ে বসে আছেন। তাঁরাও বলেন, এই ছবি তাঁদের নয়। তবে ল্যান্স নায়েক ইকরামুল পর্দায় প্রদর্শিত ছবিটি তাঁর নিজের বলে স্বীকার করেন। তিনি বলেন, বিদ্রোহের অবসান হলে কোয়ার্টার গার্ডে আটকে পড়া লোকদের তিনি বের করে নিয়ে যাচ্ছিলেন। এই মামলার প্রধান আসামি সুবেদার গোফরান মল্লিকের ছবিও দেখানো হয়। টাক মাথায় পিলখানার দেয়াল টপকে বাইরে আসছেন জওয়ান মনিরুজ্জামান। আদালত পর্দায় এ ছবি দেখিয়ে তাঁর কাছে জানতে চান, এটা তাঁর ছবি কি না। তিনি বলেন, না, তাঁর ছবি নয়।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে লোকজনের সঙ্গে কথা বলছেন সেপাই মনিরুজ্জামান। এ ছবি দেখানো হলে এটা তিনি নন বলে দাবি করেন মনিরুজ্জামান। বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিচ্ছেন হাবিবর রহমান। পাশে সাবেক আইজিপি নূর মোহাম্মদ দাঁড়িয়ে আছেন। কিন্তু হাবিব তা অস্বীকার করেন। সেপাই রাশেদকেও দেখা যায় নূর মোহাম্মদের সামনে। আরও আছেন হাবিলদার রবিউল, সেপাই মিনহাজুল, আহসান হাবিব, গোলাম মোস্তফা। সবার ছবি প্রদর্শিত হয় পর্দায়।সেপাই জুয়েল মিয়াকে পর্দায় দেখিয়ে বলা হয়, তিনি মহাপরিচালকের বাসায় লুটপাটে অংশ নিয়েছিলেন। লুট করা স্বর্ণালংকারসহ র‌্যাব কামরাঙ্গীর চর থেকে তাঁকে গ্রেপ্তার করে। ওই ঘটনা নিয়ে টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনও দেখানো হয়। কিন্তু জুয়েলের দাবি, এ ছবি তাঁর নয়।মামলার বাদী সাক্ষ্য দেওয়ার সময় পিলখানার ভেতরে গুলিবর্ষণ, মিছিল, ম্যানহোল থেকে কর্মকর্তাদের মৃতদেহ উদ্ধারের বিভিন্ন ভিডিওচিত্র দেখান। সাক্ষী মতিউর রহমান আদালতকে বলেন, এ মামলার ৬৬৭ জন আসামির মধ্যে ৩৯৪ জনের মুঠোফোনের কথোপকথনের তালিকা (কল লিস্ট) পরীক্ষা করে দেখা যায়, বিদ্রোহের সময় তাঁরা পিলখানার ভেতরে থেকে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি নিজের বাসার ছবি দেখিয়ে আদালতে বলেন, ‘আমি বাসার বারান্দায় দাঁড়িয়ে ৩৩ জন বিদ্রোহীকে চিনতে পেরেছি।’ আদালত সাক্ষীর জবানবন্দির পর বেলা দেড়টার দিকে আজ মামলার বাদী ও ১ নম্বর সাক্ষীর জেরা করার সময় নির্ধারণ করে আদালত মুলতবি করেন। আজ মতিউরকে জেরা করবেন আসামিরা।বিশেষ আদালত-৫-এ সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তাঁকে সহায়তা করেন লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানি ও মেজর সাইদ হাসান তাপস। আসামিদের পক্ষে ‘ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড’ হিসেবে ছিলেন বিডিআরের মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং ১৯ জন বেসামরিক আইনজীবী।অভিযোগ গঠনের পর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যেসব ছবি প্রদর্শিত হচ্ছে, তা সুপার ইমপোজ করা নয়। এসব ছবি তিনজন সাক্ষী দ্বারা প্রমাণিত হওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, বিডিআরের প্রচলিত আইনে এসব প্রমাণ আদালত বিচারকাজে ব্যবহার করতে পারবেন।উল্লেখ্য, বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচারের জন্য ছয়টি আদালত আছে। এসব আদালতে এ পর্যন্ত ২২টি মামলায় চার হাজার ৬৫৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পিলখানায় ১১টি মামলায় চার হাজার ১০১ জন অভিযুক্ত হয়েছেন। ঢাকার বাইরের ১১টি মামলায় অভিযুক্ত হয়েছেন ৫৫৭ জন। ঢাকার বাইরের ছয়টি মামলার রায় হয়েছে। এতে ২১৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা ও ১০ জন খালাস পেয়েছেন।