আদালত অবমাননা আইন সংশোধন হচ্ছে
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের খসড়া অনুমোদন, শাস্তি ৭-১০ বছর
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে পর্নোগ্রাফির দায়ে শাস্তির বিধান করে নতুন আইনটির অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১১-এ দোষীদের সাত থেকে ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, স্যাটেলাইট ও মোবাইল প্রযুক্তির কারণে সমাজে পর্নোগ্রাফি ব্যাধির মতো বিস্তার লাভ করছে। এতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অপরাধ রোধে দেশে সুনির্দিষ্ট আইন না থাকায় তা দমন করা যাচ্ছে না। এ কারণে কাউকে শাস্তিও দেওয়া যায় না। পর্নোগ্রাফি দমনে সরকার এ আইন প্রণয়ন করতে যাচ্ছে। প্রেস সচিব জানান, প্রস্তাবিত আইনে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বাজারজাত নিষিদ্ধ করা হয়েছে। আইনে এ অপরাধের জন্য তদন্তের ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ শাস্তি সাত থেকে ১০ বছর কারাদণ্ড। তবে তা জামিনযোগ্য অপরাধ। সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকা।আদালত অবমাননা আইন: মন্ত্রিসভার গতকালের বৈঠকে আদালত অবমাননা আইন ২০১১-এরও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ আইনকে যুগোপযোগী করার কথা জানিয়ে প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ব্রিটিশ আমলে প্রণীত এ আইন ভারতে দুইবার (১৯৫২ ও ১৯৭২) এবং পাকিস্তানে একবার সংশোধন করা হয়। কিন্তু বাংলাদেশে কখনো আইনটির সংশোধনী আনা হয়নি। প্রেস সচিব বলেন, বিদ্যমান আদালত অবমাননা আইনের কারণে মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে সচিব পর্যন্ত সরকারি কর্মকর্তাদের কাজের গতি মন্থর হচ্ছে। সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময়ে আদালত অবমাননা মামলার বিবাদী হন। এমনকি একজন সচিবের বিরুদ্ধে ৬৯টি মামলা হয়েছে। তাঁদের ব্যক্তিগত কোনো কাজের জন্য তা হয়নি। সরকারি কাজ করতে গিয়ে এ সমস্যায় পড়তে হচ্ছে। এতে সরকারি কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। তিনি বলেন, আদালত অবমাননা মামলায় সরকারি কর্মকর্তাদের আদালতে সাক্ষী হওয়া, সশরীরে উপস্থিত হতে গিয়ে কাজে অসুবিধা হয়।সবকিছু বিবেচনায় নিয়ে আইনটিকে যুগোপযোগী করতেই আদালতে সংশোধনী আনা হচ্ছে। নতুন আইনে সরকারি কর্মকর্তাদের আদালতে হাজির হতে হবে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকারি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় বিধিগুলোতে কিছুটা শিথিল হতে পারে। কোনো কিছুই সুনির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না।এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নৌ-বাণিজ্য জোরদার করার লক্ষ্যে ১৯৭৯ সালে স্বাক্ষরিত শিপিং সার্ভিসেস এগ্রিমেন্টের পুনর্গঠিত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।বিভিন্ন স্থানে জনসভা করবেন প্রধানমন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে জনসভা করবেন বলে জানান। কয়েকজন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদেরও নিজ নিজ এলাকায় এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।