পর্বতের মূষিক প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬০৮ না ১৬১০? সুবা বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা সাল নিয়ে দ্বিমত রয়েছে। তাই চলেছে কলমযুদ্ধ, তর্ক-বিতর্ক। গবেষকদের এই দ্বন্দ্ব পাশ কাটাতে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি উৎসব উদযাপনের উদ্যোগ নেয় সরকারি-বেসরকারি একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে ২০০৮ সালে ডিসিসি প্রস্তুতিপর্ব সম্পন্ন করলেও সংস্কৃতি মন্ত্রণালয় তাদের কাছ থেকে এ দায়িত্ব নিয়ে নেয়। আবার ডিসিসি থেকে ধার করা ধারণাপত্রের আলোকে সংস্কৃতি মন্ত্রণালয় ওই বছরই ঢাকঢোল পিটিয়ে তিন বছর মেয়াদি উৎসবের উদ্বোধন করে। সেই উদ্বোধনই সার, এরপর উদযাপনের কোনো আয়োজনই হয়নি! প্রস্তুতি যখন পণ্ডশ্রম!২০০৮ সাল থেকেই অনেক প্রতিষ্ঠান রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপনকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান করছে। তবে ঢাকাবিশারদ মুনতাসীর মামুনের মতে, ২০১০ সালের জুলাই মাসে রাজধানী ঢাকা ৪০০ বছর পার করেছে। সেই হিসাবে জুলাই মাসটি ৪০০ বছর উদযাপনের আদর্শ সময় ছিল।জুলাই মাস পার হয়ে গেলেও রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর উপলক্ষে এ পর্যন্ত কোনো অনুষ্ঠান আয়োজন করেনি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ ২০০৮ সালে ৪০০ বছর উদযাপনের তোড়জোড় শুরু করেছিল ডিসিসি। ওই বছরের ২৪ সেপ্টেম্বর হোটেল পূর্বাণীতে একটি পরামর্শ সভাও করে তারা। তাদের আমন্ত্রণে সেই সভায় অংশ নেন ঢাকাবিশারদসহ সব শ্রেণীর বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শে ডিসিসি তিন বছর ধরে রাজধানী ঢাকার ৪০০ বছর পালনের একটি কর্মসূচি তৈরি করে। এ কর্মসূচি তৈরি এবং তা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন ডিসিসির অঞ্চল-২-এর তখনকার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান (বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত)। ডিসিসির ঢাকার ৪০০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে তিনি প্রস্তুতি শেষ করে এনেছিলেন বলে জানান।কী কী কর্মসূচি ছিল সেই পরিকল্পনায়? মশিউর রহমান জানান, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত অনেক কর্মসূচি ছিল ডিসিসির আয়োজনে। ঢাকার ঐতিহ্য সংস্কার-সংরক্ষণ, ঢাকার নদী রক্ষা, ঢাকা নগরের পরিবেশ উন্নয়নে যা যা দরকার, তার সবই ছিল। এর মধ্যে ঢাকা টাওয়ার নির্মাণ, ঢাকা নগরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভ তৈরি, বুড়িগঙ্গা নদী খননের মতো কার্যক্রমও ছিল।ডিসিসির কর্মসূচির কোনোটাই আলোর মুখ দেখল না কেন, জানতে চাইলে মশিউর রহমান অভিযোগের আঙুল তুললেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দিকে। তিনি বলেন, প্রস্তুতির একপর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় নির্দেশ দেয়, ডিসিসি নয়, দেশের ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে তারাই রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন করবে। তারা ডিসিসি থেকে কর্মসূচি-সংক্রান্ত তথ্যাদিও নেয়। এ জন্য ডিসিসির রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন কর্মসূচি আর আলোর মুখ দেখেনি।এ প্রসঙ্গে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়াও ৪০০ বছর নিয়ে বিতর্ক থাকার কারণে ডিসিসি রাজধানী ঢাকার ৪০০ বছর পালনের উদ্যোগ থেকে সরে আসে। মেয়র আরও বলেন, ‘যথাসময় নির্বাচন না হওয়ায় “ঝুলন্ত” একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোনো কর্মসূচি নিতে পারছি না। আমি খোঁজখবর নিয়ে দেখব, কিছু করা যায় কি না।’হাতি ঘোড়া গেল তল...সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহু বাদ্যবাজনা বাজানো হয়, হাঁটানো হয় হাতি-ঘোড়া। এভাবেই রাষ্ট্রীয়ভাবে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসবের যাত্রা শুরু হয়েছিল। ২০০৮ সালের ২৮ নভেম্বর সেই উৎসব উদ্বোধন করেন তখনকার সরকারপ্রধান ফখরুদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন বছর ধরে রাজধানী ঢাকার ৪০০ বছর উৎসব উদ্যাপন করার কথা সংস্কৃতি মন্ত্রণালয়ের। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রণালয়ের আর কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এ প্রসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তখনকার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ঢাকার পুরাকীর্তি সংস্কার-সংরক্ষণ, ঢাকা নিয়ে গবেষণা, ঢাকার ইতিহাস-ঐতিহ্য উপস্থাপন—এসব কাজ করার কথা ছিল মন্ত্রণালয়ের।রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় এখন কী করছে, জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন জানান, এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা নিয়ে গবেষণার কাজ করছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আর উৎসবের অন্যান্য দিক বাস্তবায়নে কিছু করা যায় কি না, তা খোঁজখবর নিয়ে দেখা হবে।