এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৮ মার্চ এসেছিলেন বেস্টওয়ে রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেস্টওয়ে গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা উলফাত হুসাইন। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ আতিথেয়তা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন।ৃকথাবন্ধু: হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ আতিথেয়তা ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? উলফাত হুসাইন: হসপিটালিটি ম্যানেজমেন্ট আমাদের দেশে তুলনামূলকভাবে একটি নতুন বিষয়। তবে সভ্যতার শুরু থেকে আতিথেয়তা বিষয়টি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে মানুষের জন্য সেবা দেওয়া। যাঁরা ভ্রমণপিপাসু, বাড়ি থেকে ব্যবসা-চাকরি কিংবা ভ্রমণ, যা-ই হোক না কেন—অতিথি সবাইকেই সেবা দিতে হবে। আমাদের দেশে এ বিষয়টির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, অতিথি আপ্যায়নে আমরা অন্যদের চেয়ে একটু এগিয়েই রয়েছি।কথাবন্ধু: পেশার এ ক্ষেত্রের জন্য শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?উলফাত হুসাইন: দুই ধরনের যোগ্যতা দরকার। একটি হচ্ছে হাতে-কলমে শিক্ষা, আরেকটি হচ্ছে তত্ত্বগত।তাহলে আপনি সঠিক সেবা দিতে পারবেন। এ জন্য অন্য কোনো বিষয়ে পড়াশোনা করে এলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে প্রশিক্ষণ থাকাটা জরুরি। প্রশিক্ষণকেন্দ্র থেকে কোর্স করে শুরুতে দেশি হোটেলে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারেন।কথাবন্ধু: চাকরির বাজারে এ পেশার ক্ষেত্র কী কী?উলফাত হুসাইন: হসপিটালিটি ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। শেফিং, হাউস কিপিং ও অতিথিদের স্বাগত জানাতে ফ্রন্ট ডেস্ক অফিস ইত্যাদি। তবে শেফদের চাহিদা সবচেয়ে বেশি। এরপর হাউস কিপিং রয়েছে। এ জন্য ইংরেজি ভাষায় দক্ষতা দরকার। পর্যটনশিল্পে আমাদের দেশের জন্য অনেক বড় একটা সুযোগ অপেক্ষা করছে। আমাদের দেশে সুন্দরবন ও সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজার রয়েছে। সরকারি সহযোগিতা বাড়লে পর্যটকদের সংখ্যাও বাড়বে। আর উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।কথাবন্ধু: বাংলাদেশের কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে কোর্স করায় বা প্রশিক্ষণ দিয়ে থাকে?উলফাত হুসাইন: দুই ধরনের প্রতিষ্ঠান এ বিষয়ের ওপর পড়াশোনা ও প্রশিক্ষণ করায়।এক. বিশ্ববিদ্যালয়, দুই. প্রশিক্ষণকেন্দ্র।বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যায়। প্রশিক্ষণকেন্দ্র হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সকরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া ও ইবাইসে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া সিলেটে একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।কথাবন্ধু: দেশে ও বিদেশেএ কোর্সটি করতে সময় কত লাগে, খরচই বা কেমন?উলফাত হুসাইন: ডিপ্লোমার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ দেয়। বাংলাদেশের সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। তারা শেফিং ও হাউস কিপিং বিষয়ে ছয় মাস মেয়াদের কোর্স পরিচালনা করে।কিছু কিছু প্রতিষ্ঠান সব কটি কোর্স একসঙ্গে করে। ওই কোর্সগুলোর মেয়াদ এক বছর। বিশ্ববিদ্যালয়গুলোতে চার বছর মেয়াদি স্নাতক এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স করা যায়। প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, খরচ কত পড়বে।কথাবন্ধু: এ ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব কতটুকু?উলফাত হুসাইন: ইংরেজি ভাষার দক্ষতা অবশ্যই প্রয়োজন। অন্যান্য ভাষা জানা থাকলে আরও ভালো। যাঁরা সরাসরি অতিথিদের সঙ্গে থাকবেন, তাঁদের অবশ্যই ভালো ইংরেজি জানা দরকার। এ জন্য যেকোনো প্রশিক্ষণকেন্দ্র থেকে ইংরেজির ওপর কোর্স করতে পারেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে টুকটাক কথা বলতে বলতেই ইংরেজি বলা সহজ হয়ে যাবে।কথাবন্ধু: চাকরির বাজারে বিষয়টির চাহিদা কেমন?উলফাত হুসাইন: দেশে ও দেশের বাইরে এ ক্ষেত্রটিতে চাকরির অনেক চাহিদা। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অরগানাইজেশন-ইউএনডব্লিউটিও জানিয়েছে, প্রতিবছরই ছয় থেকে ১০ শতাংশ বাড়ছে পর্যটকের সংখ্যা। ২০১১ সালে পুরো বিশ্বে প্রায় ৮০ কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করবে। একে মাথায় রেখে মধ্যপ্রাচ্যে বড় বড় হোটেল তৈরি হচ্ছে। ব্যবসা অথবা বেড়ানো, যা-ই হোক না কেন পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছেই। ফলে যোগ্য লোকবলের প্রয়োজন হচ্ছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এর চাহিদা অনেক। পর্যটকদের সংখ্যা বাড়লে দেশ এগিয়ে যাবে।কথাবন্ধু: এ বিষয়ে বিদেশ থেকে উচ্চতর শিক্ষা নেওয়া যাবে?উলফাত হুসাইন: দেশের বাইরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাইপ্রাসসহ অন্যান্য দেশেও এ বিষয়ের ওপর পড়াশোনা করা যায়। খুব কম খরচে এ ডিগ্রি নেওয়া যায়। সাইপ্রাসে অনেকেই কম খরচে পড়াশোনা করছেন। তিন হাজার ডলারের মধ্যে ভর্তি-প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এ বিষয়ে পিএইচডিও করা যায়।কথাবন্ধু: বাইরের দেশের সঙ্গে আমাদের দেশে এ পেশার তফাত কোথায়?উলফাত হুসাইন: সেবার ক্ষেত্রে এ পেশায় কোনো তফাত নেই। তবে উপার্জনের ক্ষেত্রে একটা তফাত রয়েছে। আমাদের দেশে তুলনামূলকভাবে বেতন কম, কিন্তু অন্যান্য দেশে এর চেয়েও অনেক বেশি বেতনে চাকরি করছে আমাদের দেশের ছেলেরা।কথাবন্ধু: আপনার কিছু অভিজ্ঞতা বলুন এবং একই সঙ্গে নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?উলফাত হুসাইন: একজন বিদেশি পর্যটক হোটেলে তাঁর ল্যাপটপ কম্পিউটার রেখে গিয়েছিলেন। কিন্তু আমরা তাঁর ল্যাপটপটি বিমানবন্দরে গিয়ে তাঁর কাছে দিয়ে আসি। ওই পর্যটক আমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।গ্রন্থনা: সুদীপ দে