পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটিতে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। ঈদের আগের দিন থেকে খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলো ছিল পর্যটকদের পদচারণে মুখর। পর্যটকেরা খাগড়াছড়ির পাহাড়ি ঝরনায় গোসল করেন; প্রবেশ করেন প্রাকৃতিক গুহায়।জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটন এলাকার রহস্যময় গুহা ও রিচাং ঝরনায় ঈদের দিন থেকে পর্যটকদের ভিড় ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা খাগড়াছড়ি ভ্রমণ করতে আসেন।খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ঈদের আগের দিন থেকে মোটেলের সব রুম বরাদ্দ হয়ে গেছে। অনেককে ফিরিয়ে দিতে হয়েছে।হোটেল শৈল সুবর্ণের তত্ত্বাবধায়ক মনা ছিদ্দীক বলেন, গত তিন-চার দিন থেকে হোটেলের কোনো কক্ষ ফাঁকা ছিল না। এ বছর যে হারে পর্যটক এসেছে, কয়েক বছর আগে তা কল্পনা করা যায়নি। খাগড়াছড়িতে পর্যটকদের আগমনে তিনি খুবই উৎফুল্ল।আলুটিলা পাহাড়ে রিচাং ঝরনায় কথা হয় চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে আসা পর্যটক রনির সঙ্গে। তিনি বলেন, তাঁরা ১৭ জনের একটি দল নিয়ে খাগড়াছড়ি ঘুরতে এসেছেন। উঠেছেন পর্যটন মোটেলে। খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য, ঝরনা, গুহা তাঁরা খুবই উপভোগ করেছেন বলে জানালেন।ঢাকার কলাবাগান এলাকা থেকে এসেছেন অনিতা ও তাঁর বন্ধুরা। অনিতা বলেন, খাগড়াছড়ির পরিবেশ খুবই ভালো, কোলাহলমুক্ত। রাজশাহী থেকে এসেছেন রাজু চৌধুরী ও সুমন বণিক। তাঁরা দুজনেই বান্দরবান ও রাঙামাটি ঘুরে খাগড়াছড়ি এসেছেন। খাগড়াছড়ির ঝরনা ও গুহায় ঘুরতে তাঁদের খুবই ভালো লাগছে বলে জানান।খাগড়াছড়ি পুলিশ প্রশাসন পর্যটনকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।