পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটা
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত এখন পর্যটকদের পদচারণে মুখরিত। ঈদের দিন শনিবার এবং পরদিন রোববার বিকেল পর্যন্ত ফাঁকা ছিল সমুদ্রসৈকতের আবাসিক হোটেল-মোটেলগুলো। কিন্তু রোববার সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পর্যটকেরা আসতে শুরু করে ছোট সৈকত শহর কুয়াকাটায়। ভরে উঠতে শুরু করে হোটেল-মোটেল-রেস্ট হাউসগুলো। পরদিন সোমবার সকালে তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এখনো আনন্দের আমেজ কাটেনি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছিলেন, অনুন্নত সড়ক যোগাযোগের কারণে এবার ঈদের ছুটিতে সমুদ্রসৈকত কুয়াকাটায় তেমন একটা পর্যটকের আগমন ঘটবে না। তবে সোমবার সকালের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণ-পিয়াসী ও প্রকৃতিপ্রেমী মানুষ ছুটে এসেছে প্রকৃতির অপরূপ সৈকত কুয়াকাটায়। অন্য সময়ের চেয়ে এবার কুয়াকাটা সৈকতে দর্শনার্থীদের ভিড় আসলেও চোখে পড়ার মতো। সৈকতের জিরো পয়েন্ট, ইকো পার্ক, লেম্বুর চর, শুঁটকি পল্লি, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় সব জায়গা আগত দর্শনার্থীর পদভারে এখন মুখরিত। খাবার হোটেল, আবাসিক হোটেল, টি কর্নার—সর্বত্রই পর্যটকদের উপস্থিতি লক্ষণীয়। এদিকে কলাপাড়া থেকে কুয়াকাটায় যাওয়ার প্রধান সড়কটির ভগ্নদশার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। মাত্র ২২ কিলোমিটার ওই সড়কের পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত অংশের ১০ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চললেও বাকি ১২ কিলোমিটার এখনো আগের মতোই। কলাপাড়া ফেরিঘাটের দক্ষিণ পাড়ের সলিমপুর, ইসলামপুর, নাওভাঙ্গা এলাকা বেশি খারাপ। এসব এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের ছাল উঠে গেছে। বের হয়ে গেছে এর ইট-সুরকি। অনেক স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। তা ছাড়া এই সড়কের আন্দারমানিক নদীর ওপর কলাপাড়া-নীলগঞ্জ, সোনাতলা নদীর ওপর হাজীপুর-পুরান মহিপুর এবং শিববাড়িয়া নদীর ওপর মহিপুর-আলীপুর এলাকার তিনটি ফেরি সার্ভিসও পর্যটকদের জন্য আরও ভোগান্তির। কারণ দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের কলাপাড়া-কুয়াকাটার এই অল্প পথের ফেরি তিনটি পার হতে দীর্ঘ সময় নষ্ট করতে হয়।ঢাকার ধানমন্ডি থেকে ঈদের ছুটি কাটাতে কুয়াকাটা এসেছেন রেজা চৌধুরী। তিনি বলেন, ‘এত সুন্দর একটি জায়গা, দেখার মতো। অথচ এখানে আসতে কষ্টের শেষ নেই।’ খুলনার পর্যটক নাজিয়া জামান বলেন, ‘এখানে আসতে এখনো যে খারাপ অবস্থা আছে, তা জানলে আসতাম না।’ ঢাকার শ্যামলী এলাকার রাইসুল ইসলাম জানান, কুয়াকাটার পরিবেশ ও মানুষের ব্যবহারে তারা মুগ্ধ। শুধু অনুন্নত সড়ক যোগাযোগের কারণে কুয়াকাটা পিছিয়ে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, সৈকতে পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা অপ্রতুল। তবে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সাজানো খাটিয়া, ছাতা চোখে পড়ে। সমুদ্রে ভাসার জন্য টায়ার-টিউব, সৈকতে ঘুরে বেড়াতে নৌকা-মোটরসাইকেলের ব্যবস্থা স্থানীয় বাসিন্দারাই করে। তবে সৈকতে পর্যটকদের টয়লেটের ব্যবস্থা নেই। নেই পোশাক বদলানোর কোনো স্থান। সাগরের নোনা পানিতে সাঁতার কেটে এসে মিঠা পানি খুঁজতে হয় হোটেলে। এমন দৈন্যদশা সত্ত্বেও পর্যটকেরা ছুটে আসেন কুয়াকাটায়। কারণ এখানে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, ‘এবারের ঈদের ছুটি উপলক্ষে হোটেলে সিটের জন্য আগাম বুকিং খুব কম ছিল। সড়ক যোগাযোগ অনুন্নত থাকায় পর্যটকদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না। তবে ঈদের দিন থেকেই হোটেলে সিট বুকিং জোরেশোরে শুরু হয়। রোববার বিকেল থেকেই পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা। যোগাযোগব্যবস্থা উন্নত করা হলে কুয়াকাটাকে বিশ্বের অনেক স্থানের চেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।’ কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঈদের পরদিন থেকেই পর্যটকদের আগমন বেড়ে যায়। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ রয়েছে কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’