ঈদের ছুটিতে সেন্ট মার্টিনে পর্যটকের ঢল নেমেছে। তাদের পদচারণে মুখরিত এখন সৈকত। দ্বীপের হোটেল, মোটেল ও কটেজগুলোতে কোনো কক্ষ খালি নেই। এই সুযোগে এ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে এবং হোটেল-কটেজগুলো বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার সপরিবারে সেন্ট মার্টিনে আসেন কুমিল্লার ব্যবসায়ী হাসান আহমদ (৪৮)। তাঁর অভিযোগ, বেলা দুইটা পর্যন্ত ২০টির বেশি কটেজে গিয়ে তিনি ভালো মানের কোনো কক্ষ পাননি। তিনটার দিকে তিন গুণ বেশি ভাড়া দিয়ে একটি কটেজে মাত্র এক দিনের জন্য একটি কক্ষ ভাড়া নিয়েছেন।অনেক পর্যটকের অভিযোগ, ভিড়ের কারণে কিছু হোটেল-কটেজ মালিকেরা প্রতিটি কক্ষের জন্য তিন-চার গুণ বেশি ভাড়া নিচ্ছেন। পাশাপাশি এ রুটে চলাচলকারী জাহাজগুলো বেশি ভাড়া আদায় করছে। কিন্তু এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি নেই।নানা অভিযোগ থাকলেও উচ্ছ্বাসের কমতি নেই পর্যটকদের। ঢাকা থেকে সপরিবারে বেড়াতে আসা আরাফাত রশিদ (৪৫) এখানে বেড়াতে এসে উচ্ছ্বসিত। উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, ‘সাগর পানি দেখে না নেমে পারিনি। মন ভরে গোসল করে নিলাম।’রাজশাহীর আতিয়ার রহমান (৪২) বলেন, ‘সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসি। খুব ভালো লাগছে।’হোটেল-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, শিগগিরই কক্ষের ভাড়া নির্ধারণ করে সব হোটেল-কটেজে তা টাঙানো হবে। এতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে।এ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হচ্ছে। কিন্তু অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ তিনি অস্বীকার করেন। পরিবহন করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে হোটেল-কটেজ মালিকদের সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হবে বলে তিনি জানান।জেলা পুলিশ সুপার সেলিম জাহাঙ্গীর জানান, পর্যটকদের নিরাপত্তা, তাদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে পুরো দ্বীপে পুলিশ সদস্য বাড়ানো হয়েছে।