পর্যটন এলাকার সড়ক-মহাসড়কের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদেই কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভিড় জমায় হাজার হাজার পর্যটক। কিন্তু পর্যটনের জন্য বিখ্যাত এসব এলাকার যাওয়ার মহাসড়কের দুরবস্থা পর্যটকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এবং কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ না হলে ঈদে ঘরমুখী মানুষও দুর্ভোগের শিকার হবে।সরেজমিনে পর্যটন এলাকায় যাওয়ার সড়ক-মহাসড়কের দুর্দশার চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গর্ত: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।পরিবহনমালিক ও চালকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সংস্কারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।সওজের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহামঞ্চদ কামরুল হাসান বলেন, ‘বর্ষার কারণে স্থায়ীভাবে সড়কের কাজ করা যাচ্ছে না। তবে কিছু কিছু এলাকায় গর্ত ভরাটের কাজ চলছে।’ মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের ১৫-২০টি স্থানে কার্পেটিং উঠে গেছে। সৌদিয়া পরিবহনের চালক মো. জাফর আলম বলেন, ‘চট্টগ্রাম-লোহাগাড়ার দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে এখন তিন ঘণ্টা লাগে। এতে যাত্রীদের কষ্ট হচ্ছে, গাড়ির যন্ত্রপাতিও প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ বর্ষার শুরুতে নিম্নমানের ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করলেও তা দু-তিন দিনের বেশি টেকেনি।পরিবহনচালকেরা জানান, কর্ণফুলী সেতু থেকে পটিয়ার মইজ্জার টেক, বাদামতল, আকবর শাহ মাজার, খরনা, রওশন হাট, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট, বাগিচা হাট, দোহাজারী, মৌলভীর দোকান, সাতকানিয়ার কেরানীহাট, মিঠাদীঘি, ঠাকুরদীঘি, লোহাগাড়ার তেওয়ারী হাট, বার আউলিয়া, রাজঘাটা, বটতলী, আধুনগর, চুনতি বাজার, হাজী রাস্তার মাথা, জাঙ্গ্যালার ঢালা এলাকায় রাস্তার কার্পেটিং নষ্ট হয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরন্নবী সরকার বলেন, ‘সড়কের বেহাল অবস্থার কারণে নিজ উদ্যোগে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সড়কটি সংস্কারের জন্য চিঠি দিয়েছি।’ লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাণিজ্যিক গুরুত্ব অনেক। তাই জরুরি ভিত্তিতে এর সংস্কার প্রয়োজন।দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান বলেন, দোহাজারী সড়ক বিভাগের আওতায় ভেঙে যাওয়া সড়ক ইট ও বালু দিয়ে সাময়িক সংস্কার করা হচ্ছে।কক্সবাজার-টেকনাফ সড়কের ৪৩ কিলোমিটারে খানাখন্দ: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৪৩ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। ৮৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির ১৬টি সেতু এবং কালভার্টও ঝুঁকিতে রয়েছে।এ সড়কে নিয়মিত চলাচল করা বাসচালক মো. ছৈয়দ, আবুল কালাম ও ট্রাকচালক নূর উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৮৬ কিলোমিটার যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। কিন্তু টেকনাফ-থাইংখালীর ৪৩ কিলোমিটার পার হতে সময় লাগে আড়াই ঘণ্টা।’ জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, প্রায়শই বাস গর্তে পড়ে যন্ত্রপাতি নষ্ট ও দুর্ঘটনায় শিকার হওয়ায় মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সওজ সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ৪৩ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু দায়সারাভাবে কাজ হওয়ায় চলতি বর্ষায় সড়কটি আগের ভাঙাচোরা রূপে ফিরে গেছে। পরিবহনমালিকেরা অভিযোগ করেন, সওজ বিভাগ বর্ষার শুরুতে কয়েক লাখ টাকা ব্যয়ে ইটের খোয়া ও বালু দিয়ে সড়কের গর্ত ভরাটের চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। এ সড়কের ঝুঁকিপূর্ণ সেতুর রেলিংয়ে হলুদ ও লাল রং লাগিয়ে প্রতিবছর হাজার হাজার টাকা অপচয় করা হচ্ছে।সওজের টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ ঝুঁকিপূর্ণ ১৬টি সেতু ও থাইংখালী থেকে টেকনাফ পর্যন্ত ৪৩ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, এলাকার পর্যটনশিল্প ও সীমান্ত-বাণিজ্যের কথা চিন্তা করে সেতু ও সড়ক সংস্কারের একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ পর্যন্ত কয়েক দফা পাঠানো হয়েছে। কুয়াকাটার বিকল্প সড়কে যান চলাচল বন্ধ: কলাপাড়া থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে যাতায়াতের বিকল্প সড়কে এক মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে।তবে ২২ কিলোমিটার দীর্ঘ কলাপাড়া-কুয়াকাটা মূল সড়কটি তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। কিন্তু এই সড়কে তিনটি ফেরি থাকায় কুয়াকাটায় পৌঁছাতে সময় বেশি লাগে। এ কারণে পর্যটকদের অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করতেন। বিকল্প সড়কের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার হলেও এ পথে মাত্র একটি ফেরি পার হতে হয়। এ কারণে মূল সড়কের চেয়ে অনেক কম সময়ে বিকল্প সড়ক দিয়ে কুয়াকাটায় পৌঁছানো যায়।গত জুলাই মাসের প্রথম সপ্তাহে আন্ধারমানিক নদীর ঢেউয়ের তোড়ে বিকল্প সড়কের স্লুইসগেটসহ প্রায় ৮০ ফুট সড়ক ধসে পড়ে। কলাপাড়া অংশ থেকে মাত্র থেকে পাঁচ কিলোমিটার দূরে সড়কের ইটবাড়িয়ার খালগোড়া পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক মাস পার হয়ে গেলেও মাত্র ৮০ ফুট সড়কের সংস্কারকাজের অর্ধেকও শেষ করা যায়নি। পর্যটকেরা ছাড়াও ছয়টি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে। অথচ কর্তৃপক্ষ এই সড়কটির ধসে পড়া অংশের মেরামতকাজে গাফিলতি করছে। কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটটি সিল করে দিয়ে মাটি ফেলে ধসে পড়া অংশ ভরাটের কাজ শুরু করছে।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক, চন্দনাইশ (চট্টগ্রাম), গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার), রতন কান্তি দে, উখিয়া (কক্সবাজার), নেছার উদ্দিন আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী)]