পর্যটন শহরের পানিতে হয় লবণ, নয় আয়রন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজার পৌরসভার এক-তৃতীয়াংশ এলাকায় নলকূপের পানি লবণাক্ত। অবশিষ্ট এলাকার পানিতেও মাত্রাতিরিক্ত আয়রন। প্রচণ্ড গরমে পাতকুয়ার (রিংওয়েল) পানিও যায় শুকিয়ে। পৌরসভার সরবরাহ করা লাইনেও পানি থাকে না। সাড়ে তিন লাখ মানুষের এই পৌর শহরে খাওয়ার পানির সংকট চলছে। অনুসন্ধানে জানা গেছে, পৌরসভার প্রধান সড়কের উত্তর পাশে (বাঁকখালী নদীর তীরে) নুনিয়াছটা, বদরমোকাম, এন্ডারসন সড়ক, পেশকারপাড়া, টেকপাড়া, বড়বাজার, মগপাড়া, মাঝিরঘাট, ফুলবাগ, নূরপাড়া, বঙ্গবন্ধু সড়ক, কৃষি অফিস, বার্মিজ মার্কেট, বার্মিজ স্কুল, বৌদ্ধমন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে ৯০ শতাংশ নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়েছে। প্রধান সড়কের দক্ষিণ পাশে বৈল্যাপাড়া, দক্ষিণ টেকপাড়া, বৌদ্ধমন্দির সড়ক, ঘোনারপাড়া, মহাজেরপাড়া, স্টেডিয়াম এলাকা, বি কে পাল সড়ক, গোলদীঘিরপাড়, হাসপাতাল সড়ক, বাহারছড়াসহ বিভিন্ন স্থানে ৬০ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরক্ত আয়রন। এসব নলকূপ থেকে পানি তোলার পর কিছুক্ষণের মধ্যে পানি লালচে রঙ ধারণ করে। এন্ডারসন সড়কের নূরমহল ভবনের মালিক মোহাম্মদ হানিফ জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাঁর দুটি নলকূপ অকেজো হয়ে পড়েছে। সম্প্রতি তিন লাখ টাকা খরচ করে একটি নলকূপ বসানো হলেও তাতে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে না। ফলে দুটি ভবনে বসবাসকারী ১০টি ভাড়াটে পরিবারে প্রয়োজনীয় পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। শহরের ফুলবাগ এলাকার গৃহবধূ তসলিমা ইয়াসমিন জানান, সকাল আটটার দিকে পৌর কর্তৃপক্ষ লাইনে পানি সরবরাহ দিলেও ১০-১৫ মিনিট পর পানি শেষ হয়ে যায়। এই অল্প সময়ে এক কলসি পানিও সংগ্রহ করা যায় না। ফলে কয়েক কিলোমিটার দূর থেকে প্রতিদিন খাওয়ার পানি সংগ্রহ করতে তাঁর ৬০-৭০ টাকা খরচ হচ্ছে। শহরের দুই শতাধিক হোটেল-মোটেল, দেড় হাজারের বেশি রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানাতেও পানির তীব্র সংকট চলছে। পৌর মেয়র সরওয়ার কামাল জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর শহরের বদরমোকাম থেকে টেকপাড়া পর্যন্ত বাঁকখালী নদীর তীরের বিশাল এলাকার নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়ে। এসব এলাকায় চলতি বছর সাত-আটটি গভীর নলকূপ বসিয়ে পাঁচ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংকে পানি মজুদ করে ঘরে ঘরে সরবরাহের চেষ্টা চলছে। এতে অন্তত সাত-আট শ পরিবার পানি সংকট থেকে মুক্তি পাবে। এক প্রশ্নের জবাবে মেয়র সরওয়ার কামাল জানান, ২০টি গভীর নলকূপ স্থাপন, পানি সরবরাহের লাইন সম্প্রসারণ এবং লোনাপানি বিশুদ্ধকরণ প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে ৩০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী ২০১১-১২ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের পানির সমস্যা আর থাকবে না।