পর্যটনশিল্পের বিকাশে সংসদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটনশিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং সম্ভাবনাময় এলাকাগুলোতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।আজ রোববার বিকেলে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বিলটি উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।বিলে পর্যটনশিল্প ও সেবা খাতের পরিচালনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সংরক্ষিত এলাকা ও বিশেষ অঞ্চল ঘোষণার বিধান রাখা হয়েছে।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পর্যটনে সমৃদ্ধ ও সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত কর্মকাণ্ড রোধ করে তা সংরক্ষণ করতে হবে।এসব এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো, বিনোদন ও সেবামূলক সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি নিয়ন্ত্রণ ও পরিচালনায় আইনানুগ বিধি-নিষেধ আরোপ করা প্রয়োজন।সেই সঙ্গে পর্যটনকেন্দ্র নির্মাণ ও উন্নয়নকল্পে সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে সরকারের বিনিয়োগ কার্যক্রম গ্রহণই এ আইনের মূল উদ্দেশ্য।বিলের বলা হয়েছে, পর্যটনশিল্প রয়েছে অথবা পর্যটনশিল্পের সম্ভাবনা রয়েছে—এমন এলাকাকে চিহ্নিত ও সংরক্ষণ করার প্রয়োজন হলে সরকার প্রজ্ঞাপন জারি করে ওই এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করতে পারবে। সংরক্ষিত এলাকায় যেকোনো কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করা যাবে। এতে বলা হয়েছে, সরকার নিজ উদ্যোগে অথবা বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা ব্যক্তি বিশেষের মাধ্যমে বিশেষ পর্যটন অঞ্চলের নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারবে।