পর্যবেক্ষণসহ সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের রুলিং বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। আদালত আদেশে বলেন, ‘পর্যবেক্ষণসহ আবেদন নিষ্পত্তি করা হলো।’ অ্যাটর্নি জেনারেল বলেছেন, পর্যবেক্ষণগুলো কী, তা রায় হাতে পাওয়ার পর জানা যাবে।৪ অক্টোবর শুনানির পর আদালত ৭ অক্টোবর আদেশের দিন ঠিক করেছিলেন। গতকাল বিষয়টি কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আখতার ইমাম উপস্থিত ছিলেন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণের মাধ্যমে লিভ আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। এই পর্যবেক্ষণগুলো কী দেবেন, এটা হাতে পাওয়ার পর জানা যাবে। বিচার বিভাগ ও আইন বিভাগ যাতে সৌহার্দ্যপূর্ণভাবে সংবিধান নির্ধারিত কাজ করতে পারে, শুনানিতে সেটা বলেছি। আশা করি, রায়ে সেটাই প্রতিফলিত হবে।’ এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, আপিলের অনুমতি না দিয়েও হাইকোর্টের রায়ে পরিবর্তন হয়েছে। এ মামলায়ও আপিল বিভাগ চাইলে হাইকোর্টের রায় সংশোধন করতে পারেন। বিস্তারিত রায়ের মাধ্যমে আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৃষ্ট পরিস্থিতির অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।রিটকারীর আইনজীবী আখতার ইমাম বলেন, ‘রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দেননি আদালত। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, লিভ টু আপিল মঞ্জুর ছাড়া হাইকোর্টের রায়ের খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়।’ গত ১৮ জুন সংসদে দেওয়া রুলিংয়ে স্পিকার একজন বিচারপতির বক্তব্যকে সংবিধানের একটি ধারার লঙ্ঘন বলে মত দেন। তাঁর রুলিংয়ের কিছু অংশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়, যা হাইকোর্ট পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দেন। এর বিরুদ্ধে সরকার লিভ টু আপিল আবেদন করেছিল।ঘটনাপ্রবাহ: গত ১৪ মে সড়ক ভবন নিয়ে আদালত অবমাননা মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৫ জুনের মধ্যে ভবনের সংশ্লিষ্ট অংশ হস্তান্তরের নির্দেশ দেন। ২৯ মে এ আদেশ নিয়ে সংসদে আলোচনায় স্পিকার আব্দুল হামিদ বলেন, ‘দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।’ ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্পিকারের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন। পরে ওই দিনই সন্ধ্যায় সংসদে বিচারপতির সমালোচনা করেন সরকার দলের সাংসদরা। তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাঁকে অপসারণের দাবি জানান। ১৮ জুন এ বিষয়ে স্পিকার রুলিং দেন। রুলিংয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি প্রত্যাহারের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বলা হয়, একজন বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদের লঙ্ঘন করেছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে যে ব্যবস্থা নেবেন তাতে সংসদের সমর্থন থাকবে। এই দুটি অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট আবেদনটি করেন। ২৪ জুলাই হাইকোর্ট পর্যবেক্ষণ সাপেক্ষে আবেদনটি নিষ্পত্তি করেন। ২৭ আগস্ট প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, একজন বিচারক সংবিধানের ৭৮ (১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন—স্পিকারের এই রুলিং আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন। এ রায়ের বিরুদ্ধে সরকার ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।