পর্যাপ্ত ছাউনি নেই শিশুপার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের পাশের ফুটওভারব্রিজের নিচে পাঁচ-ছয়টি গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে গ্যাসবেলুন ফোলানোর কাজ। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সিলিন্ডারগুলো শিশুদের এই স্বপ্নপুরীতে ঘটিয়ে দিতে পারে মহা বিপর্যয়। এক হাতে সিগারেট ফুঁকতে ফুঁকতে গ্যাস সিলিন্ডারের চাপনিয়ন্ত্রণ চাবি (ভালব) চালু-বন্ধ করছিলেন মোহাম্মদ মকবুল। তিনি জানান, প্রতিবছর ঈদের সময় বেলুনের ব্যবসা করেন। আগে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর সিলিন্ডার থাকত। এখন সিলিন্ডার রাখা হয়েছে শিশুপার্কের ফটকের পাশেই।ঈদ সামনে রেখে ঘষে-মেজে, রং করে আগেই শিশুপার্কের সব রাইড ঠিক করা হয়েছিল। দর্শনার্থীদের সারি ধরে উঠতে হয়েছে একেকটা রাইডে। সস্তায় এতগুলো রাইডে ওঠার ব্যবস্থা থাকায় অভিভাবকেরা শিশুদের রাইডে উঠতে উৎসাহ দেন। ১ সেপ্টেম্বর সকালে এক পশলা বৃষ্টির জন্য ‘লম্ফঝম্প’ নামের রাইডটি কিছু সময় বন্ধ ছিল। সেটিও চালু করা হয়েছে রোদ ওঠার সঙ্গে সঙ্গেই। রাইড নিয়ে কোনো অভিযোগ নেই কারও।শুধু সারি ধরে অপেক্ষা ছাড়া সবই ভালো লেগেছে বলে জানান শিশুপার্কের একাধিক দর্শনার্থী। তবে কেউ কেউ অভিযোগ করেন, কিছু অসাধু কর্মচারী নিজেদের পরিচিত আত্মীয়স্বজনকে আগেভাগে রাইডে চড়ার সুযোগ করে দিয়েছেন। এমন একটা বচসা চলছিল ‘বিস্ময়চক্র’ নামের রাইডটিতে। মগবাজারের সিনথিয়া শুভ্রা জানান, তিনি তাঁর বাচ্চা নিয়ে ঘণ্টা খানেক লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কোথা থেকে দুটি শিশু নিয়ে আসেন এক ভদ্রলোক। তিনি রাইডের কর্মচারীকে বললেন, ‘এদের উঠাও।’ সঙ্গে সঙ্গে তোলা হলো দুজনকে। সাধারণ দর্শনার্থীরা বাধা দিতে গেলেও তাতে কোনো কাজ হয়নি। কারণ, ওই ভদ্রলোক না কি শিশুপার্কের কর্মকর্তা।এদিকে রোদ তেতে উঠলে শিশুপার্কের দর্শনার্থীরা দুর্ভোগে পড়েন। এ বিষয়ে ১ সেপ্টেম্বর বিকেলে শিশুপার্কে আসা পরীবাগের বাসিন্দা ঝুমঝুমি জানান, বিকেলের রোদটা খুব তাতিয়ে উঠেছে। তাতেই বিরক্তি। আর এটা বাদে সব ঠিক আছে। আবার চকবাজারের বাসিন্দা সুমাইয়া জাবীনের অভিযোগ, রোদ থেকে বাঁচতে ক্যানটিনের ছাউনিতে বসে ছিলাম। সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, খাবার না খেলে ছাউনি ব্যবহার করা যাবে না। অনেক দর্শনার্থী জানান, শিশুপার্কে দর্শনার্থীর ছাউনি বাড়ানো উচিত।মধুবাগের বাসিন্দা আরমান আহমেদ শিশুপার্কে এসেছেন তিন বছর বয়সী সন্তান প্রেমাকে নিয়ে। শৌচাগার বেহাল থাকায় শিশুটি তাতে যেতে নারাজ। সে কান্না জুড়ে দিয়েছে। বাধ্য হয়ে শিশুপার্কের কর্মকর্তাদের শৌচাগারে মেয়েকে নিয়ে গেছেন আরমান। তিনি বলেন, ‘এখানকার কর্মীদের ভাব দেখে মনে হয়, শৌচাগার অপরিচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক।’ আরেক দর্শনার্থী মমতা বলেন, ‘টয়লেটের অবস্থা যাচ্ছে তাই! টয়লেট যদি ব্যবহারের উপযোগী না থাকে, তবে তা রেখে লাভ কী?’এদিকে সিঁড়ি বেয়ে বটগাছের দিকে যেতেই দেখা মেলে ঝুলন্ত কিশোরদের। এদের কাজ বটগাছের সঙ্গে ঝুলে থাকা শিকড় বেয়ে তরতরিয়ে ওপরে উঠে যাওয়া। কেউ আবার গাছের ডালে বসে ফটোসেশনে ব্যস্ত। অনেক শিশুকে গাছের কোটরে কিংবা ডালে বসিয়ে ছবি তোলা হচ্ছিল। অথচ সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। সেদিকে কর্তৃপক্ষ কিংবা অভিভাবক কারও নজর নেই। এ নিয়ে টিকাটুলির শাহনাজ চৌধুরী বলেন, দর্শনার্থীদের গাছে ওঠা বন্ধ করা উচিত। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে দায়ভার কে নেবে?এদিকে শিশুপার্কের গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতে ঘণ্টাপ্রতি ১০ টাকার রসিদ দেওয়া হচ্ছে। কিন্তু গাড়ির মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২০-৩০ টাকা। এ বিষয়ে টাকা আদায়কারী শফিকুল দাবি করেন, ঈদের সময় সবাই খুশি হয়ে ১০-২০ টাকা বেশি দেন।