পর্যাপ্ত তহবিলের জোগান দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব (গ্রিন টেকনোলজি) প্রযুক্তির সুবিধা পেতে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোকে পর্যাপ্ত তহবিলের জোগান দিতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৬তম কংগ্রেসে ভাষণকালে এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যয় নির্বাহে এই তহবিল পর্যাপ্ত, স্থায়ী ও সহজলভ্য হওয়া অপরিহার্য। উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু মোকাবিলা তহবিলের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ঝুঁকি ও জনসংখ্যার হারের ভিত্তিতে এই তহবিলের জোগান ওডিএর চেয়ে বেশি হওয়া জরুরি।এর আগে প্রধানমন্ত্রী সম্মেলনকেন্দ্রে পৌঁছালে ডব্লিউএমওর মহাসচিব মিশেল জারাউড তাঁকে ভিআইপি গেটে অভ্যর্থনা জানান। সংস্থার বিদায়ী সভাপতি আলেকজান্ডার বেদরিস্কির সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য দেন সংস্থার প্রথম সহসভাপতি আলী মোহাম্মদ নুরিয়ান, দ্বিতীয় সহসভাপতি টাইরোন সুথারল্যান্ড ও তৃতীয় সহসভাপতি অ্যান্টনিও ডিভিনো মুরা। এ সময় সদস্যদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও মন্ত্রীরা এই অধিবেশনে উপস্থিত ছিলেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান ভয়াবহতার প্রেক্ষাপটে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতাসহ একটি চুক্তিতে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বর্তমানে কিছু কিছু দেশ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ভবিষ্যতে গোটা বিশ্বকে এই সমস্যার মুখে পড়তে হবে। এ অবস্থায় এই গ্রহ ও আমাদের রক্ষার জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে সম্মিলিত কর্মপন্থা গ্রহণের বিকল্প নেই।’প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের প্রতি আগামী প্রজন্মের জন্য নিরাপদ বিশ্বের অঙ্গীকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের ক্ষুদ্র স্বার্থ পরিহার করতে হবে। রিও সম্মেলন এবং কোপেনহেগেন ও কানকুনের ব্যর্থতার পর কিয়োটো প্রটোকল ও বালি প্ল্যান অব অ্যাকশন প্রণয়নে ঐকমত্য প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ডারবানে তাঁদের সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ও তথ্য সম্পৃক্তকরণে ব্যবহারকারীদের সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিসেসের (জিএফসিএস) কার্যক্রম বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পরিচালনার প্রয়োজন রয়েছে।জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকির পরিধি ও ব্যাপকতার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য। অথচ বৈশ্বিক উষ্ণতার কারণে দেশটি সর্বাধিক ঝুঁকির মধ্যে রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও মরুকরণের ফলে কয়েক দশক ধরে বাংলাদেশ বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের পদধ্বনি, জলোচ্ছ্বাস ও নিম্ন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করছে। তিনি বলেন, এসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মানুষের খাদ্য, পানি ও স্বাস্থ্যনিরাপত্তা, জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য ও জীবনযাত্রার ধরন ও উপার্জনের ক্ষেত্রে হুমকির সৃষ্টি করছে।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বন্যা ব্যবস্থাপনা প্রকল্প, নদীর তীর সংরক্ষণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমি উদ্ধার ও সড়ক উঁচুকরণের মতো বিভিন্ন খাতে এক হাজার কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয় করেছে।প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন খাতের জন্য বরাদ্দ তহবিলের অর্থ সরিয়ে এসব করা হয়েছে। এ জন্য শ্লথ হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড ও এমডিজি অর্জনের গতি। তবু বিগত দশকে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশ এবং বাংলাদেশ ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ এ লক্ষ্যে ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, কারও সাহায্যের অপেক্ষায় না থেকে বাংলাদেশ ২০ কোটি মার্কিন ডলারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এ ছাড়া প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও উন্নয়ন অংশীদারদের সহায়তায় একটি ‘মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। বৈজ্ঞানিক সমীক্ষার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ তলিয়ে যাবে এবং দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এর ফলে অনিবার্যভাবে নগরগুলোতে অভিবাসন অনেক বেড়ে যাবে এবং এতে জীবনযাত্রা, জীববৈচিত্র্য, খাদ্য, পানি ও স্যানিটেশন ও মূল অবকাঠামোর ওপর প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু অভিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করতে ইউএনএফসিসির আওতায় একটি নতুন বিধিবদ্ধ কাঠামো গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, তাঁর সরকার দরিদ্র জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে উপকূলীয় এলাকায় ১৪ হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ ও আবহাওয়া অফিসের কার্যক্রম আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।