পর্যালোচনা প্রতিবেদনে কিছু বিষয় সঠিকভাবে আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মনে করে গ্রামীণ ব্যাংক।সংস্থাটি বলেছে, গ্রামীণ ব্যাংক বরাবর স্বচ্ছতা ও আইননিষ্ঠতার সঙ্গে কাজ করে এসেছে। তাদের উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মধ্যে ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু আইনের বরখেলাপ করে কাজ করার কোনো ইচ্ছা বা প্রবণতা গ্রামীণ ব্যাংকে কখনো স্থান পায়নি।গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনের বিভিন্ন বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে গ্রামীণ ব্যাংক।লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংক বলেছে, প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক, এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকে কর্মরত কারও বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা তহবিল তছরুপের কোনো অভিযোগ নেই। তা ছাড়া মুহাম্মদ ইউনূস অথবা তাঁর পরিবারের কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তি, যাঁরা এ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা ব্যক্তিগতভাবে আর্থিক বা অন্য কোনো উপায়ে লাভবান হয়েছেন বলে কোনো অভিযোগ আনা হয়নি।গ্রামীণ ব্যাংক আরও বলেছে, নোরাড ফান্ড বিষয়ে কোনো অনিয়ম হয়নি এবং তা প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার সরকার পরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থাগুলোসহ বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক অবদান রাখছে বলেও কমিটি মূল্যায়ন করেছে।গ্রামীণ ব্যাংক আরও বলেছে, তাদের সার্বিক কর্মকাণ্ডে তথা মাঠপর্যায়ের মূল কর্মকাণ্ড সম্পর্কে কোনো অনিয়ম হওয়া বা অস্বচ্ছতা নিয়ে প্রতিবেদনে কোনো দোষত্রুটির উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ ব্যাপারে কয়েকটি বিষয় তুলে ধরেছে গ্রামীণ ব্যাংক।সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ: পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং অধ্যাপক ইউনূস ও তাঁর সহকর্মীরা ‘পাবলিক সার্ভেন্ট’। প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিক গ্রামীণ ব্যাংকের দরিদ্র ঋণগ্রহীতারা। এ কারণেই বিশেষ আইন দ্বারা তৈরি হলেও গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক। সরকার নয়, বরং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত গ্রহণকারী যোগ্য কর্তৃপক্ষ। ব্যাংকের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি মালিকানাধীন ব্যাংকের ওপর প্রযোজ্য আইনকানুন গ্রামীণ ব্যাংকের ওপর প্রযোজ্য হবে না।গ্রামীণ ব্যাংক যেমন সরকারি প্রতিষ্ঠান নয়, তেমনি এর ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর সহকর্মীরাও ‘পাবলিক সার্ভেন্ট’ নন। ব্যবস্থাপনা পরিচালক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাত্র। আবার প্রতিবেদনের একাংশে উল্লেখ করা হয়েছে, ‘গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকার কর্তৃক মনোনীত সদস্যরা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রকৃতি সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে কাজ করেছেন। তাঁরা একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষকে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেছেন।’ এ ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের বক্তব্য হচ্ছে, এর পরিচালনা পর্ষদে সরকারের সচিব পর্যায়ের কর্মকর্তারা চেয়ারম্যান ও সদস্য ছিলেন। তাঁরা গ্রামীণ ব্যাংকের আইনগত অবস্থান সঠিকভাবে বুঝেই কাজ করে গেছেন, বরং পর্যালোচনা কমিটি বিষয়টি বুঝতে ভুল করেছে।নিয়মনীতি না মানার প্রবণতা: এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মনে করে, পর্যালোচনা কমিটির এই মন্তব্য মোটেই তথ্যভিত্তিক নয়। গ্রামীণ ব্যাংক সম্পর্কে ধারণা না থাকা এবং ভুল ধারণার বশবর্তী হয়ে এ ধরনের মন্তব্য করা হয়েছে। কমিটি ধরে নিয়েছে, গ্রামীণ ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান। যেখানেই সরকারি প্রতিষ্ঠানের কাজকর্মের সঙ্গে এর গরমিল দেখেছে, সেখানেই তাদের মনে হয়েছে, গ্রামীণ ব্যাংক আইন ভঙ্গ করেছে। প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই আলোকে দেখলে কমিটি তখন বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পারত, তাদের চোখে নিয়মনীতি ভঙ্গের দৃষ্টান্ত ধরা পড়ত না। গ্রামীণ ব্যাংক তার কর্মসূচি পরিচালনায় জ্ঞানত কখনোই অধ্যাদেশের বিধিবিধান বা নিয়মনীতি লঙ্ঘন করেনি। সহযোগী প্রতিষ্ঠান গঠন: এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য হচ্ছে, গ্রামীণ ব্যাংক নিজে কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করেনি এবং কোনো প্রতিষ্ঠানের মালিকও নয়। কোনো প্রতিষ্ঠানে তার কোনো শেয়ার নেই, কোনো প্রতিষ্ঠান সে নিয়ন্ত্রণ করে না। পর্যালোচনা কমিটি ভুল ধারণার বশবর্তী হয়ে কিছু ভুল সিদ্ধান্তে এসেছে এবং ভুল পরামর্শ দিয়েছে। কমিটির মধ্যে ধারণা ছিল, গ্রামীণ নামের যত প্রতিষ্ঠানের সঙ্গে অধ্যাপক ইউনূস জড়িত, সব গ্রামীণ ব্যাংকের সঙ্গে আইনগতভাবে যুক্ত প্রতিষ্ঠান। তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। গ্রামীণ নামের ওপর কারও কোনো দখল নেই। গ্রামীণ নামকে ট্রেড নাম বা ট্রেড মার্ক হিসেবে নিবন্ধন করা যায় না। কারণ এটি একটি বিশেষণ। গ্রামীণ নাম থাকলেই সেটা গ্রামীণ ব্যাংকের সঙ্গে আইনগতভাবে যুক্ত হতে হবে—এ রকম ধারণা করার কোনো কারণ নেই। গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক, আর্থিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু আইনগত প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্ক নেই।গ্রামীণ ব্যাংক যেসব প্রতিষ্ঠান গঠনই করেনি, সেগুলো গঠন করে অধ্যাদেশের বিধি লঙ্ঘন করার কোনো প্রশ্নই ওঠে না। বিধিবহির্ভূত হবে জেনেই গ্রামীণ ব্যাংক নিজে কোনো প্রতিষ্ঠান গঠন করেনি। সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর: এ বিষয়ে বক্তব্য হচ্ছে, গ্রামীণ ব্যাংক এখতিয়ারবহির্ভূতভাবে কোনো সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর করেনি। বাংলাদেশ সরকার ও দাতাদের মধ্যে সম্পাদিত মূল চুক্তির শর্ত অনুযায়ী এই টাকা স্থানান্তর করা হয়েছে।এখতিয়ারবহির্ভূত দায়িত্ব পালন: প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্য কর্মকর্তারা সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এখতিয়ারবহির্ভূত। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য হচ্ছে, কমিটি ধরেই নিয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তা ‘পাবলিক সার্ভেন্ট’। তাই বিষয়টি তাদের কাছে আইন অমান্যের শামিল মনে হয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তা পাবলিক সার্ভেন্ট নন, ফলে তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকেরা সামাজিক দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করেন। প্যাকেজেস করপোরেশন প্রসঙ্গ: এ বিষয়ে গ্রামীণ ব্যাংক বলেছে, গ্রামীণ ব্যাংকের প্রয়োজনে মুহাম্মদ ইউনূস তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশন লিমিটেড গ্রামীণ ব্যাংককে তাদের ব্যবহারের জন্য এর ব্যবস্থাপনার দায়িত্ব একটি চুক্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওপর ন্যস্ত করে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব ব্যবহারের জন্য প্রিন্টিং-সামগ্রী উৎপাদনের এই আয়োজন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ।চুক্তির শর্ত অনুসারে মালিকপক্ষ প্যাকেজেস করপোরেশনের সব সুযোগ-সুবিধা ব্যবহারের জন্য গ্রামীণ ব্যাংকের পরিচালনাধীন প্যাকেজেস করপোরেশন থেকে কোনো দিন কোনো লাভ, মেশিনারি বা দালানের জন্য ভাড়া, ফি কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা নেয়নি। নামমাত্র ভাড়ায় ফ্লোর বরাদ্দ: এ বিষয়ে গ্রামীণ ব্যাংক বলেছে, সরকার যে রকম বিশেষ ব্যক্তিকে দেশের জন্য সম্মান বয়ে আনার জন্য বা বিজয়ী খেলোয়াড় দলকে দেশের সম্মান বৃদ্ধির জন্য বিশেষভাবে পুরস্কৃত করে, তেমনি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দেশের জন্য সম্মান বয়ে আনার জন্য এবং গ্রামীণ ব্যাংককে একটা জাতীয় গৌরবের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য অধ্যাপক ইউনূসের জন্য গ্রামীণ ব্যাংক ভবনের একটি ফ্লোর ইজারা দেয়। নোবেল পুরস্কার পাওয়ার পর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৪তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ভবনের ১৬তম তলাটি ইউনূস সেন্টারকে ব্যবহারের জন্য ২৪ বছরের জন্য ইজারা দেওয়া হয়।পরিচালনা পর্ষদের ভূমিকা না থাকা: এ নিয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য হচ্ছে, ১৩ জন সদস্যের মধ্যে চেয়ারম্যান ও দুজন সচিব পর্যায়ের লোক গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ঋণগ্রহীতা শেয়ারহোল্ডার নয়জন পরিচালকের উপস্থিতিই ব্যাংক পরিচালনায় প্রকৃত মালিকদের সঙ্গে আলোচনার পরিবেশ সৃষ্টি করে। তাঁদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও যাচাই করা যায়। এই জ্ঞান আর কারও কাছে নেই। গ্রামীণ ব্যাংকের সঙ্গে তাঁদের জীবন সরাসরি জড়িত। তাঁঁরা উপস্থিত থাকেন বলে আলোচনা জীবনভিত্তিক হতে বাধ্য হয়।