পর্যায়ক্রমে বন্ধ কল-কারখানা চালু করা হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে। তাই সরকার চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া বেশ কয়েকটি কল-কারখানা আবার চালু করেছে। পর্যায়ক্রমে আরও বন্ধ কারখানা চালু করা হবে।আজ রোববার সকালে রাজধানীর তোপখানা রোডে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরাম এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত শ্রমিক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, মহাজোট সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বয়সসীমা বৃদ্ধি, ফেয়ার প্রাইজ কার্ড চালু ও অন্যান্য কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরামের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) পলিট ব্যুরোর সদস্য লুত্ফর রহমান, ধীরেন সিংহ, ফোরামের মহাসচিব এম. দেলোয়ার হোসেন প্রমুখ ।সমাবেশে শ্রমিকনেতারা সব সেক্টরের শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণার দাবি জানান। তাঁরা শ্রমিকদের আবাসন, নিরাপদ স্বাস্থ্যসেবা, কর্মপরিবেশের নিরাপত্তা ও রেশনিং প্রথা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পরে শিল্পমন্ত্রীর নেতৃত্বে শ্রমিকদের একটি লাল পতাকা শোভাযাত্রা বের হয়। এটি তোপখানা রোড থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়। বাসস।