পর্যায়ক্রমে বাড়ছে এসিসিএর কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিসিএর এমার্জিং মার্কেট এশিয়ার পরিচালক লুসিয়া রিয়েল মার্টিন ৭ জুন ঢাকায় এসেছিলেন এসিসিএর নতুন কোর্স উদ্বোধন করতে। এ সময় তিনি প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় বাংলাদেশে এসিসিএর বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং হিসাবরক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান। আলাপচারিতার সময়তাঁর সঙ্গে ছিলেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ। অস্ট্রেলিয়ার নাগরিক লুসিয়া রিয়েল মার্টিন ২০১০ সালের মে থেকে বর্তমান দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ। এ ছাড়া অভিভাবকদেরও এ বিষয়ে অনেক আগ্রহ লক্ষণীয়, যা প্রতিটা দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে। ‘আমি এসিসিএর এশিয়া ইমার্জিং মার্কেট পরিচালকের দায়িত্বে আছি। এর মধ্যে বাংলাদেশও একটি। বর্তমানে বাংলাদেশে এসিসিএর শিক্ষার্থী সাত হাজার। ফলে এসিসিএর জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ।’ বললেন লুসিয়া মার্টিন। এবার লুসিয়ার সফরের মূল উদ্দেশ্য ছিল এসিসিএর ফাইন্যান্স ইন অ্যাকাউন্টিং (এফআইএ) নামে নতুন একটি কোর্স চালু করা। এসিসিএ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লুসিয়া বলেন, বাংলাদেশ এসিসিএর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীদের দেশে-বিদেশে চাকরির সুবিধার জন্য এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে কাজের প্রচুর সুযোগ থাকবে। এই কোর্স বর্তমানে ১৭০টি দেশে পরিচালিত হচ্ছে। কোর্স শেষে বিদেশে চাকরির সুবিধা বা ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনার সুযোগ রয়েছে। চাহিদা অনুসারে ২০০৮ সালে বাংলাদেশে এসিসিএর আঞ্চলিক অফিস চালু হয়। সেখানে শিক্ষার্থী ও ইনস্টিটিউটের সুযোগ-সুবিধার বিষয় খেয়াল রাখা হয়। পর্যায়ক্রমে এই সেবা কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। এ দেশে এসিসিএ কোর্সের গুণগত মান বজায় রাখার বিষয়ে বলেন, ‘এসিসিএ কোর্সের গুণগত মান বজায় রাখতে সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়াশোনার ক্ষেত্রে একই মান বজায় রাখা হয়, যাতে করে শিক্ষার্থীরা কোর্স শেষে দেশ-বিদেশ সব জায়গাতেই সমান তালে কাজ করতে পারে। এসিসিএ পড়াশোনার জন্য উচ্চমানের বই ও উপকরণ সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতা করা হয়। এ ছাড়া প্রশিক্ষকদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যেহেতু প্রতিষ্ঠানের জন্য হিসাবরক্ষণ পেশাজীবীদের নৈতিকতা একটা বড় বিষয়, তাই এসিসিএ সদস্য এবং ইনস্টিটিউটের জন্য রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি। প্রয়োজনে সদস্যপদ বাতিল করা হয়ে থাকে। শিক্ষার্থীদের এখানে ভালো করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। ক্লাসে নিয়মিত উপস্থিত থাকাটা খুবই জরুরি। নিজে পরিবর্তন করতে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যাদের অ্যাকাউন্টিং বিষয়ে ধারণা আছে বা শেখার প্রবল ইচ্ছা আছে তাদেরই এই কোর্সে আসা উচিত।’বাস্তব অভিজ্ঞতা এবং কাজের সুযোগ বিষয়ে আরও বলেন, ‘এসিসিএ ইন্টারন্যাশনালফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) সদস্য হিসেবে স্বীকৃত। ফলে আইএফএসির মান বজায় রাখতে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা খুবই প্রয়োজন। আমরা সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী ইন্টার্নশিপের ব্যবস্থা করার চেষ্টা করি। যাঁরা এসিসিএ সদস্যপদ লাভ করেন, তাঁদের সরকারি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক, এনজিও এসব প্রতিষ্ঠানে কাজের যথেষ্ট চাহিদা ও মূল্যায়ন রয়েছে। একজন এসিসিএ সদস্য প্রতিষ্ঠানের উচ্চপদে যেমন ফাইন্যান্স কন্ট্রোলার, চিফ ফাইনান্সিয়াল অফিসার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্রধান নির্বাহী প্রভৃতি শীর্ষ পদে অনায়াসেই নিয়োগ পেতে পারেন। ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর কাজের সুযোগ রয়েছে।’